বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভোট চুরি'-র অভিযোগের তীব্র পালটা দিলেন। নীতিন নবীন দাবি করলেন, জনগণ ও ভোট বিজেপি-র সঙ্গেই আছে। একইসঙ্গে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী 'অনুপ্রবেশকারীদের' ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সওয়াল করছেন বলেও অভিযোগ তুললেন তিনি। তেলেঙ্গানার করিমনগরে 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' মহা সমাবেশে ভাষণ দিতে গিয়ে নীতিন নবীন এই মন্তব্য করেন।
নীতিন নবীন বললেন, রাহুল গান্ধী বলছেন ভোট চুরি হয়েছে। কিন্তু জনগণ ও ভোট আমাদের সঙ্গেই আছে। করিমনগরের মানুষ আমাদের আশীর্বাদ করছেন, তা প্রমাণ করে দেখিয়েছেন। নীতিন নবীনের দাবি, ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানে যত লোক হয়েছিল, তার চেয়ে অনেক বেশি ভিড় বিজেপি কর্মীরা দেশের ২০০টিরও বেশি স্থানে জড়ো করেছেন। ১৩ কোটি মানুষের ভোট চুরি হয়েছে রাহুল গান্ধীর এই দাবিরও বিরোধিতা করলেন নবীন। তিনি প্রশ্ন তুললেন, কেন ৩ কোটি 'অনুপ্রবেশকারী'কে ভোটার তালিকায় রাখা হবে? এছাড়াও ৬ কোটিরও বেশি ভোটার স্থান পরিবর্তন করেছেন বলে তিনি উল্লেখ করলেন। নির্বাচন কমিশন এই ৩ কোটি মানুষের ঠিকানা সম্পর্কে জানতে চাইলেও, কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানালেন তিনি। এই ৩ কোটি 'অনুপ্রবেশকারীর' পক্ষে সওয়াল করছেন রাহুল গান্ধী।
সংবিধান হাতে নিয়ে ঘোরা রাহুলের দিকে কটাক্ষ ছুঁড়ে নীতিন নবীন জানালেন, সংবিধান তাঁদের হৃদয়ে আছে, তাঁরা একে শ্রদ্ধা করেন। গণতন্ত্রকে হত্যা করে জরুরি অবস্থা জারি করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন তিনি। নীতিন নবীন আরও বললেন, রাহুল গান্ধী দেশের বাইরে গিয়েও ভারতের অর্থনীতি নিয়ে ভুল তথ্য ছড়ান। ভারতের অর্থনীতি ও তার উন্নয়ন বিশ্বজুড়ে এগিয়ে চলেছে এবং ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলে তিনি দাবি করলেন।
তেলেঙ্গানায় বিজেপি-র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নীতিন নবীন বললেন, তেলেঙ্গানা সরকারের সময় গণনা শুরু হয়ে গিয়েছে। মোদিজি ২০২৯ সালেও লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দেবেন। রাহুল গান্ধী যতই স্বপ্ন দেখুন না কেন, ভারতের যুবসমাজ, কৃষক, মহিলা, শ্রমিক সহ সমাজের প্রতিটি অংশের মানুষ প্রধানমন্ত্রীর পাশেই রয়েছেন।