Calcutta Television Network

ইরানে হামলায় ছড়াতে পারে আঞ্চলিক যুদ্ধ, নেতানিয়াহুকে গোয়েন্দাদের সতর্কবার্তা

ইরানে হামলায় ছড়াতে পারে আঞ্চলিক যুদ্ধ, নেতানিয়াহুকে গোয়েন্দাদের সতর্কবার্তা
23 November 2026 • 04:24:26 pm

ইজরায়েলি সামরিক গোয়েন্দারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া সতর্কবার্তা দিলেন। তাদের পূর্বাভাস, ইরানে কোনওরকম সামরিক হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। ইজরায়েলের 'চ্যানেল ১২'-কে উদ্ধৃত করে 'দ্য টাইমস অফ ইজরায়েল' জানিয়েছে, এই যুদ্ধ লেবানন, সিরিয়া এবং গাজা-সহ একাধিক রণক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে। গোয়েন্দাদের দাবি, নেতানিয়াহু এবং মোসাদ প্রধান রোমান গোফম্যান মনে করছেন যুদ্ধ কয়েকদিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে সেই দাবি নস্যাৎ করে দিয়ে বলা হয়েছে, এমন হামলা হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে।

গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলের ইরান নীতি নিয়ে জোরদার আলোচনা চলছে প্রতিরক্ষা কর্তাদের মধ্যে। নেতানিয়াহু ক্রমাগত ইরানের বিরুদ্ধে একটি নির্ণায়ক হামলার জন্য চাপ দিচ্ছেন। জানা যাচ্ছে, তিনি উচ্চপদস্থ মন্ত্রী এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে "ইরানের বিরুদ্ধে অভিযান অনিবার্য।" 'চ্যানেল ১৩'-এর খবর অনুযায়ী, তিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে সমর্থন জানানোর জন্য রাজি করানোর চেষ্টা করছেন। ইজরায়েলের এক উচ্চপদস্থ সামরিক কর্তা জানিয়েছেন, ইজরায়েলি সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের 'সমন্বিত ও অনুমোদিত পরিকল্পনা' রয়েছে এবং এখন শুধু ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যদিও ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন বছর শুরুর আগে কোনও সিদ্ধান্ত নেবেন না।

এদিকে, সামরিক পরিকল্পনার পাশাপাশি কূটনৈতিক চাপও জোরদার করা হয়েছে। নেতানিয়াহু মোসাদ প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটন ও মায়ামিতে পাঠিয়েছেন সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য। মার্কিন আধিকারিকরা অবশ্য নেতানিয়াহুর এই সামরিক তৎপরতাকে সংশয়ের চোখে দেখছেন বলে 'চ্যানেল ১২' জানিয়েছে। গোফম্যান নাকি ইজরায়েলের পক্ষ থেকে ইরানের রাসায়নিক অস্ত্র কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, ইজরায়েলের ইজরায়েল বেইতেইনু দলের নেতা আভিগডর লিবারম্যান এই সম্ভাব্য সামরিক সংঘাতের প্রয়োজনীয়তা উড়িয়ে দিয়েছেন। তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানিয়ে বললেন, বর্তমানে "দেশের শাসনভার বিকৃতমস্তিষ্ক লোকেদের হাতে।" লিবারম্যান আরও মন্তব্য করলেন, "দেশের প্রতিষ্ঠার পর থেকে মার্কিন জনমতে ইজরায়েলের এমন পতন আর দেখা যায়নি।" তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, "এখনও কোনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। যদি এই মুহূর্তে কোনও সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে বুঝতে হবে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"