অবতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বায়ুসেনার এএন-৩২ বিমান। জানা যাচ্ছে, শনিবার সকালে অসমের জোরহাটে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে ভেঙে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি।
বায়ুসেনা সূত্রে খবর, আজ সকালে অসমের জোরহাটে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। তারপরেই তাতে আগুন লেগে যায়। ফলে পাইলটের বেঁচে থাকার সম্ভবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এএন-৩২ বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনা বহনের কাজে ব্যবহৃত হয়।তবে কীভাবে সেটি ভেঙে পড়ল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যান্ত্রিক গোলযোগ না অন্য ত্রুটি তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
অন্যদিকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটি অবতরণ করার সময় সেটির টায়ার ফেটে গিয়েছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পাইলট। এরপরেই রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে আগুন ধরে যায়। বলে রাখা ভালো, এই প্রথম না। এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে এএন-৩২ বিমান। ভারতীয় বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান গুলোর মধ্যে এটি একটি। ফলে বার বার এই বিমানের দুর্ঘটনায় ঝুঁকির মুখে পড়ছে হচ্ছে বায়ুসেনা কর্মীদের।