Calcutta Television Network

হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত কেরল, মৃত অন্তত ৫, নিখোঁজ ২

হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত কেরল, মৃত অন্তত ৫, নিখোঁজ ২
21 September 2026 03:49:17 pm

একদিকে আচমকা হড়পা বান, অন্যদিকে ভূমিধস — জোড়া বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতি কেরলে। রবিবার রাজ্যের কোট্টাকাম্বুর ও নীলাম্বুরে দু'টি পৃথক দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ ২ জন। ঘটনার পর থেকেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। আতঙ্কে দিন গুনছে এলাকাবাসী।

জানা গিয়েছে, রবিবার বিকেলে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎ করেই হড়পা বান আসে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদীর পাড় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রবিবার ছুটির দিন হওয়ায় সেখানে ভিড়ও ছিল বেশি। হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ৯ জন ভেসে যান। সে সময় নদীতে আটকে পড়েন প্রায় ২৭ জন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে নদী থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সময় এলাকায় তেমন বৃষ্টি হচ্ছিল না। উজানে জঙ্গলে প্রবল বৃষ্টির জেরেই আচমকা নদীর জল বেড়ে যায় বলে মনে করছেন তারা।

অন্যদিকে, ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু হয়েছে আরও ২ জনের। জানা যায়, বিকেলে নিজের রসুনের ক্ষেতে কাজ করছিলেন বালাকৃষ্ণন ও চিন্না নামে দুই ব্যক্তি। বৃষ্টি থেকে বাঁচতে একটি টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। তখনই সেখানে ধস নামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের, গুরুতর জখম হয়েছেন আরও একজন। এরপর খবর পেয়েই তৎপর হয় কেরল প্রশাসন। ইতিমধ্যেই দুই জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি মুহূর্তে উদ্ধারকাজের খোঁজ নিচ্ছেন। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Related Posts
×
  • CTVN