অডিয়ো বিতর্কে পুলিসের তলবে সোমবার সকালে বহরমপুর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, সকাল ১১টায় হাজিরার নির্দেশ ছিল, তার আগেই থানায় পৌঁছে যান তিনি। জিজ্ঞাসাবাদের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন, একই সঙ্গে গ্রেফতারির আশঙ্কাও প্রকাশ করেন।
পুলিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হুমায়ুনের অভিযোগ, বেশ কিছু মাস আগে তাঁর বেয়াইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। যে তিন পুলিস অফিসার সেই কাজ করেছিলেন, আদালতে তাঁদের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন বিধায়ক। তাঁর দাবি, এখন সেই অফিসাররাই তাঁকে নতুন করে তলব করেছেন। নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেও দাবি জানিয়েছেন তিনি।
কীসের ভিত্তিতে তলব?
সম্প্রতি সমাজমাধ্যমে হুমায়ুনের একটি ফোনালাপের অডিয়ো ছড়িয়ে পড়ে, যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। অভিযোগ, সেই কথোপকথনে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। তার ভিত্তিতেই বহরমপুর থানায় মামলা রুজু হয়। পুলিস সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯, ১৪৮, ১৫২, ১৯২, ১৯৬(২), ৬১(২) ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত শনিবার বিকেলে হুমায়ুনের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে পুলিস।
অন্যদিকে উপনির্বাচনের মুখে তাঁর দলের কর্মীদের লাগাতার গ্রেফতারি নিয়েও সরব হয়েছেন হুমায়ুন। তাঁর কথায়, 'প্রশাসন নির্বিচারে আমার লোকদের গ্রেফতার করছে। তারা ইচ্ছে করলে আমাকেও গ্রেফতার করতে পারে।'
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রেজিনগর ও শক্তিপুর থানা এলাকা থেকে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক, আব্দুল আলিম এবং হুমায়ুন 'ঘনিষ্ঠ' মহম্মদ নাসিম শেখ। মঞ্জুরের স্ত্রী বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্য, হক মল্লিক আম জনতা উন্নয়ন পার্টির রেজিনগর ব্লক সহ-সভাপতি। সোমবারও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে ভোটপ্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন হুমায়ুন।
এই বিষয়ে রবিবার তিনি বলেন, 'প্রাথমিকভাবে ভেবেছিলাম একাই প্রচার থেকে সরে আসব, পরে সিদ্ধান্ত বদলেছি। এখন ঠিক হয়েছে আমাদের প্রার্থী গোলাম নবী আজাদও মাঠে নামবেন না।' তাঁর অভিযোগ, পুলিস নিরপেক্ষভাবে কাজ করছে না, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তাই মাঠে-ময়দানে নয়, সমাজমাধ্যমেই প্রচার চালাবে তাঁর দল। কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নওদার বিধায়ক।