Calcutta Television Network

বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড় কলেজ, ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল ক্যাম্পাস

বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড় কলেজ, ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল ক্যাম্পাস
21 September 2026 07:27:04 pm

সপ্তাহের প্রথম দিনেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত ভাঙড় কলেজ। কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসু ক্যাম্পাসে পা রাখতেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানে ফেটে পড়লেন ছাত্রছাত্রীদের একাংশ। মুহূর্তে স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সভাপতি হিসেবে দায়িত্ব নিতে কলেজে আসেন সায়ন্তন বসু। কিন্তু প্রধান গেটেই তাঁকে আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। কলেজের ভিতরে SFI এবং ISF সমর্থক ছাত্ররা সায়ন্তন বসুর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে, গেটের বাইরে থেকে পাল্টা স্লোগান দিতে থাকে ABVP সমর্থকরা। দু’পক্ষের মুহুর্মুহু স্লোগানে উত্তেজনা চরমে ওঠে।

ধারাবাহিক উত্তেজনাগত কয়েকদিন ধরেই ভাঙড় কলেজে ছাত্র রাজনীতির পারদ চড়ছিল। এর আগেও ISF এবং ABVP সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আট জন ছাত্রছাত্রী আহত হয়েছিলেন বলে খবর। সোমবার ফের সেই একই ছবি ফিরে আসে। প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।

ABVP-র অভিযোগ, তাদের সদস্যরা কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। তখনই বহিরাগতদের নিয়ে ISF সমর্থকরা তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়। অন্যদিকে ISF-এর পাল্টা দাবি, শান্ত ক্যাম্পাসে বাইরে থেকে বিজেপি কর্মীদের ঢুকিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে ABVP। সাধারণ ছাত্ররা প্রতিবাদ করায় তাদের ওপরই হামলা করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কলেজ চত্বরে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়। নতুন সভাপতিকে ঘিরে কলেজের এই রাজনৈতিক সংঘাত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সবাই।

×
  • CTVN