বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 'মহাদেব অনলাইন বুক অ্যাপ' সংক্রান্ত মামলায় দেশজুড়ে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, এই মামলায় মোট ৬টি রাজ্যে ৩৩টি জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। এই তল্লাশি অভিযান চালানো হয়েছে প্ল্যাটফর্মের মূল কারিগর ও অন্যতম প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের দেওয়া তথ্যের ভিত্তিতে, যাকে সম্প্রতি ওমান থেকে প্রত্যর্পণ করা হয়েছে।
তল্লাশি চলাকালীন একাধিক জায়গায় অনলাইন বেটিং ও জুয়ার প্যানেল সক্রিয় অবস্থায় পাওয়া যায়, যা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন ডিজিটাল যন্ত্র, মোবাইল ফোন এবং হাওয়ালা নেটওয়ার্ক ও 'মুল অ্যাকাউন্ট' ব্যবহারের প্রমাণবাহী নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। ১লা নভেম্বর ওমান থেকে প্রত্যর্পণের পর সৌরভ চন্দ্রাকরকে গ্রেফতার করে সিবিআই। এরপর রায়পুরের বিশেষ বিচারক তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জেরায় এই বেটিং প্ল্যাটফর্মের কার্যপদ্ধতি এবং ভারতে তার প্যানেল অপারেটরদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে।
ছত্তিশগড় সরকারের থেকে মামলা হস্তান্তরের পর মহাদেব অনলাইন বুক অ্যাপ সংক্রান্ত দুটি এফআইআর নথিভুক্ত করেছিল সিবিআই। তদন্তে জানা গেল যে এই প্ল্যাটফর্মটি বিদেশ থেকে একটি প্রধান কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয় এবং ভারতে প্যানেল অপারেটরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এই অপারেটররা গ্রাহকদের আইডি পরিচালনা করে, অন্যদের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে বা ভাড়া নেওয়া অ্যাকাউন্টে বেটিংয়ের টাকা সংগ্রহ করে এবং হাওয়ালা চ্যানেলের মাধ্যমে লাভ বিদেশে পাঠায়। ১২ই নভেম্বর সৌরভ চন্দ্রাকরকে রায়পুরের বিশেষ বিচারকের সামনে পেশ করা হলে তাকে ১৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিবিআই জনসাধারণকে সতর্ক করে জানাল, অনলাইন বেটিং ও জুয়া বেআইনি। এই ধরনের কার্যকলাপের জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড বা পরিচয়পত্র অন্যকে ধার দেওয়াও একটি ফৌজদারি অপরাধ এবং এর ফলে অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।