Calcutta Television Network

নজরে ক্যামাক স্ট্রিটের অফিস, অভিষেকের দফতরে এবার দমকল বাহিনীর হানা! ফায়ার অ্যালার্মে গলদ

নজরে ক্যামাক স্ট্রিটের অফিস, অভিষেকের দফতরে এবার দমকল বাহিনীর হানা! ফায়ার অ্যালার্মে গলদ
31 August 2026 • 07:07:54 pm

নজরে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর। কলকাতা পুরসভার পর এবার দমকল বাহিনী হানা দিল সেখানে। সঙ্গে গেল পুলিসও। তবে কেন আচমকা হানা? দমকল সূত্রে খবর, ওই ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, কোথাও কোনও গলদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁরা গিয়েছেন সেখানে। 

সূত্রের খবর, আজ, সোমবার দুপুরের কিছু পরে শেক্সপিয়র সরণি থানার পুলিসকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটের ওই ভবনে যান দমকল আধিকারিকেরা। সেখানে প্রথমে তাঁরা বাইরের অংশ পর্যবেক্ষণ করেন। তারপর ভিতরে যান। ওই ভবনের সাত এবং আট তলায় রয়েছে অভিষেকের অফিস। সেখানে অগ্নিনির্বাপন ব্যবস্থা ও ফায়ার অ্যালার্ম ঠিক মত কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি ভবনটি তৈরির সময় যে পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল, তার বাইরে কোনও বাড়তি 'অবৈধ' নির্মাণ হয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। বাইরের একটি বাড়তি শেড নিয়ে আপত্তি তোলা হয়েছে বলে খবর সূত্রের। 

তবে আচমকা এই তদারকির নেপথ্যে কী কোনও অভিযোগ রয়েছে? এর উত্তরে এক দমকল আধিকারিক জানান, এটা নিয়মমাফিক ফায়ার-অডিট। সব জায়গাতেই এই কাজ করা হচ্ছে। তাঁর কথায়, 'এখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না, তা আমরা দেখে নিচ্ছি। কিন্তু গাফিলতি বা অনিয়ম চোখে পড়লে সেটা জানানো হবে। সেইমতো ব্যবস্থা করা হবে।' তবে প্রাথমিক তদন্তে অভিষেকের অফিসের ফায়ার অ্যালার্ম বাজেনি বলেও জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, গত ২৭ তারিখ বিকেলে কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি 'অবৈধ' বিলবোর্ড খুলতে যান। সঙ্গে ছিল পুলিস। কিন্তু সেই সময় অভিষেক অনুগামীদের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ ওঠে অভিষেক, ডেরেক ও'ব্রায়েন-সহ আরও বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শোরগোল চলছে। তার মধ্যেই ফের অভিষেকের ওই দফতরে হানা দিল দমকল অধিকারিকরাও।