Calcutta Television Network

রাজনীতি কি পথ হারাইয়াছে?

রাজনীতি কি পথ হারাইয়াছে?
24 November 2026 • 02:20:00 pm

৮ থেকে ৮০, সবাই মনে করেন রাজনীতি সম্ভাবনার শিল্প। বয়স অনুপাতে এই বিষয়টিকে যে যেভাবে বিশ্লেষণ করেন আর কী। তবে রাজনীতি নিয়ে আর একটা ধারণাও আমজনতা পোষণ করেন তা হল, রাজনীতিতে চির শত্রু বা চির মিত্র বলে কোনো বিষয় হয় না। এই বিষয়টিকে বুঝতে গেলে জেন-জি বা তার আগের প্রজন্মকে ইতিহাস ঘাঁটার কষ্ট করতে হবে না। ২৬ এর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতির বাস্তব সংজ্ঞা ঠিক কী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষের জন্য রাজনীতির কথা বলা তাবড় রাজনীতিকরা ব্যক্তি স্বার্থে রাজনীতিকে পরিচালনা করছেন। তা প্রত্যক্ষ করছে রাজ্যবাসী। বিশেষ করে তা দেখা যাচ্ছে ছত্রভঙ্গ বিরোধী শিবিরে।

অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে চিরশত্রু বামেদের হাত ধরতেও এখন কুন্ঠা বোধ করেন না বাম বিরোধিতা করে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রেক্ষাপটে বিজেপি বিরোধী জোটে মমতা তৃণমূল-বাম ও কংগ্রেস কাছাকাছি এসেছে। ক্ষমতায় থাকাকালীন ইন্ডি জোটে কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে না মমতা, এখন রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সোনিয়া গান্ধীকে 'আমার নেত্রী' বলতেও কুন্ঠা বোধ করছেন না। শুধু তাই নয়, গত ১লা নভেম্বর দিল্লিতে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের কর্মসূচীতে এক গাড়িতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম এ বেবিকে । এমনকি দিল্লির মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন জোটের পক্ষে সওয়াল করে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এমএ বেবি। অন্যদিকে আবার বামেদের উদ্দেশ্য করে প্রশাংস সুচক মন্তব্যও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহেই সম্প্রতি কলকাতা সফরে এসে রাজ্যে বাম-তৃণমূলের মধ্যেও জোটবার্তার জল্পনা জিইয়ে দিয়ে গেছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক। অর্থাৎ স্পষ্ট হচ্ছে, ক্ষমতা দখলের লড়াইয়ের কাছে নীতি-নৈতিকতাকে কার্যত আত্মসমর্পণ করেছে বাংলার বর্তমান রাজনীতি। তার কারণ, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রকল্প সিঙ্গুরের শিল্পায়নকে গলা টিপে হত্যা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের উপর ভর করেই বাম রাজত্বের অবসান ঘটিয়ে বাংলার মসনদ দখল করেন তিনি। আর এখন পালাবদল হতেই, বিজেপির বিরুদ্ধে বাম-তৃণমূল এক সারিতে? সেই ছবি কি বঙ্গেও দেখা যাবে? এই জল্পনা যখন চলছে, তখন প্রশ্ন উঠছে, বুথস্তরের বাম নেতা-কর্মীরা কি মমতার নেতৃত্ব মানবেন? নাকি তৃণমূলের কর্মীরাই বামেদের সখা বলে আলিঙ্গন করতে পারবেন? কারণ তাঁদের চোখের সামনে তো ভেসে উঠবে ছোট আঙারিয়া কেশপুর, নানুর, সূচঁপুরের মত ঘটনা।  বঙ্গে বাম-মমতার জোট সম্ভাবনার উত্তর তো সময়ই মিলবে। তবে বঙ্গের রাজনীতি যে পথ হারাইয়াছে? তা আর বলার অপেক্ষা রাখে না।