জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JKJAAC) অভিযোগ করেছে, পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে তাদের সরকারি ওয়েবসাইট (jkjaac.co) ব্লক করে দেওয়া হয়েছে। এই ঘটনায় সংগঠনটি বাকস্বাধীনতা এবং জনসাধারণের তথ্য পাওয়ার অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল। কমিটি জানাল, তাদের ওয়েবসাইটটি শান্তিপূর্ণ নাগরিক অধিকার আন্দোলনের বিভিন্ন সরকারি বিবৃতি, আইনি আপডেট, রিপোর্ট এবং তথ্য প্রকাশ করে থাকে।
JKJAAC বর্তমানে পাক-অধিকৃত কাশ্মীর হাইকোর্টে তাদের নিষিদ্ধকরণের বিরুদ্ধে একটি আইনি লড়াই চালাচ্ছে। কিন্তু গত পাঁচ মাসের বেশি সময় ধরে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার কারণ বা তাদের আইনি পর্যালোচনার আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বলে সংগঠনটি দাবি করল। ওয়েবসাইট অবরোধের এই পরিস্থিতিতে JKJAAC প্রশ্ন তুলল, সরকার কি তাদের আইনি লড়াই এবং আন্দোলনের দাবি সম্পর্কে জনসাধারণকে তথ্য জানতে বাধা দেওয়ার চেষ্টা করছে?
কমিটি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই অবরোধের আইনি ভিত্তি স্পষ্ট করার এবং ওয়েবসাইটটিতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ডিজিটাল অধিকার রক্ষাকারী এবং স্বাধীন সাংবাদিকদেরও এই বিধিনিষেধ তদন্ত করতে এবং কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতা চাওয়ার আবেদন করল। JKJAAC জোর দিয়ে বলল যে, তাদের অনলাইন প্ল্যাটফর্মে বিধিনিষেধ তাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না এবং তাদের ওয়েবসাইটকে নীরব করে দিলেও ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক অধিকারের দাবিকে নীরব করা যাবে না।