অগ্নিমিত্রা পল: মহাভারতের একটি ঘটনা আজও আমাকে ভাবায়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের জীবনে এসেছিল অজ্ঞাতবাসের কঠিন সময়। সেই সময় অর্জুনকে নিজের পরিচয় লুকিয়ে থাকতে হয়েছিল। বিরাট রাজার রাজ্যে তিনি বৃহন্নলা নামে পরিচিত হন। রাজকন্যা উত্তরাকে নাচ ও গান শেখাতেন। একবার ভাবুন, যিনি ছিলেন মহাবীর অর্জুন, যাঁর হাতে ছিল গাণ্ডীব, যিনি যুদ্ধক্ষেত্রে অসংখ্য বীরকে পরাজিত করেছেন, তিনিই একদিন বৃহন্নলা পরিচয়ে রাজঅন্তঃপুরে দিন কাটিয়েছেন।
মহাভারতের আরও একটি চরিত্র শিখণ্ডী। তাঁর জীবনকাহিনিও আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় ও জীবনযাত্রা সবসময় সমাজের প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে এমন অনেক কাহিনি রয়েছে। অথচ আজও বৃহন্নলা সম্প্রদায়ের মানুষকে নিজেদের জায়গা তৈরি করতে কত লড়াই করতে হয়! কেন একজন মানুষ শুধু তাঁর পরিচয়ের কারণে কাজের সুযোগ থেকে বঞ্চিত হবেন? কেন তাঁকে সমাজের মূল স্রোতের বাইরে থাকতে হবে? তাঁরও তো স্বপ্ন আছে, আত্মসম্মান আছে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। আমি মনে করি, তাঁদের পাশে দাঁড়ানোর সবচেয়ে ভালো উপায় হল তাঁদের সম্মানের সঙ্গে কাজের সুযোগ করে দেওয়া।
সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ ‘বৃহন্নলা ব্রিগেড’। আমাদের পরিকল্পনা, বৃহন্নলা সম্প্রদায়ের আগ্রহী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত করা। তাঁরা রাস্তায় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, হেলমেট পরতে, সিটবেল্ট ব্যবহার করতে এবং নিরাপদে চলাচল করতে সচেতন করবেন। পাশাপাশি পুরসভার কর আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাম্মানিকের ব্যবস্থার মাধ্যমে তাঁদের কাজের মর্যাদা দেওয়াই আমাদের উদ্দেশ্য।
আমি চাই, আগামী দিনে তাঁদের পরিচয় শুধু সমাজের অবহেলার সঙ্গে জড়িয়ে না থাকুক। তাঁদের পরিচয় হোক তাঁদের কাজের মাধ্যমে, তাঁদের যোগ্যতার মাধ্যমে, তাঁদের আত্মবিশ্বাসের মাধ্যমে। আমরা যদি সত্যিই একটি উন্নত সমাজ গড়তে চাই, তাহলে কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অর্জুনের বৃহন্নলা পরিচয় ছিল অজ্ঞাতবাসের একটি অধ্যায়। কিন্তু আজকের বৃহন্নলাদের জীবনে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাই যেখানে থাকবে কাজ, সম্মান, আত্মনির্ভরতা এবং সমাজে সমান মর্যাদা। আমি বিশ্বাস করি, সুযোগ পেলে প্রত্যেক মানুষই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। প্রয়োজন শুধু সেই সুযোগের দরজা খুলে দেওয়া। আসুন, আমরা পরিচয় দিয়ে নয়, মানুষ দিয়ে মানুষকে চিনতে শিখি। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ। আর সম্মানের অধিকার আমাদের সকলের। সবার জন্য সম্মান, সবার জন্য কাজ, সবার জন্য মর্যাদা।