Calcutta Television Network

সম্পর্ক ভালো হবে, বললেন পাক মন্ত্রী মালিক, এসসিও ফোরামকে 'অসাধারণ সুযোগ' বললেন

সম্পর্ক ভালো হবে, বললেন পাক মন্ত্রী মালিক, এসসিও ফোরামকে 'অসাধারণ সুযোগ' বললেন
20 November 2026 • 04:53:39 pm

পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক প্রথম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে ভারত-পাকিস্তান সহ উপমহাদেশ জুড়ে সম্পর্ক ভালো হওয়ার আশাপ্রকাশ করলেন। এই মঞ্চকে তিনি 'অসাধারণ সুযোগ' হিসেবে অভিহিত করলেন, যেখানে এক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে বহু-পাক্ষিক আলোচনা হতে পারে।

শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ফোরামে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী মালিক বললেন, তিনি আশাবাদী যে এই অঞ্চলের দেশগুলো আরও বৃহত্তর দৃষ্টিকোণ গ্রহণ করবে এবং আঞ্চলিক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তিনি যোগ করলেন, "আমার মনে হয় আমাদের সব সম্পর্কই ভালো হবে। আপনারা জানেন, এই অঞ্চল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভূ-রাজনীতির প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন ঘটছে।"

দিল্লির পুরানা কেল্লায় ২০ থেকে ২২ নভেম্বর আয়োজিত তিন দিনের এই ফোরামের গুরুত্ব নিয়ে বলতে গিয়ে পাকিস্তানি মন্ত্রী এটিকে সভ্যতা বিষয়ক বহু-পাক্ষিক আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যা দিলেন। তিনি বললেন, "সভ্যতা এবং সংস্কৃতি দেশ-কালের সীমা অতিক্রম করে। আমরা এখানে এসে আমাদের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে কথা বলতে পারছি, এটা অত্যন্ত আনন্দের বিষয়।" এই ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মুসাদিক মাসুদ মালিক। তাঁর এই সফর তিন বছর পর কোনও পাকিস্তানি মন্ত্রীর প্রথম ভারত সফর।