Calcutta Television Network

৬ মাসের একরত্তিকে নিয়ে মরণঝাঁপ মায়ের, ঘটনাস্থলেই মৃত্যু মহিলার, অক্ষত শিশু

৬ মাসের একরত্তিকে নিয়ে মরণঝাঁপ মায়ের, ঘটনাস্থলেই মৃত্যু মহিলার, অক্ষত শিশু
13 June 2026 06:19:45 pm

৬ মাসের সন্তানকে কোলে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে বরাতজোরে প্রাণে বেঁচে যায় একরত্তি কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে  হায়দরাবাদের মিয়াপুর এলাকায়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। 


পুলিস সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ঈশা সাহু। মধ্যপ্রদেশের বাসিন্দা। তবে কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। তাঁর দুই কন্যা। বড় কন্যা আট বছরের। ছোট কন্যা ৬ মাসের। ঘটনার দিন বাড়িতেই ছিলেন তিনি। বাড়ির অন্যান্য সদস্যরাও ছিলেন। এর মাঝেই সন্তানকে কোলে নিয়ে আচমকা সাত তলা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু তাঁর কোলে থাকা কন্যার সামান্য আঘাত লাগে। পরে দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঈশাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

  
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা সরাসরি নীচে আছড়ে পড়লেও তাঁর হাত থেকে ছিটকে শিশুটি প্রথমে একটি প্রোটেক্টিভ ফেন্স বা রক্ষাকারী কাঠামোর উপর পড়ে। তার পর নীচে গিয়ে পড়ে। ফলে আঘাত লাগলেও তা গুরুতর হয়নি। তবে এত উঁচু থেকে পড়েও কীভাবে বেঁচে গেল শিশুটি, তাতে হতবাক স্থানীয়েরা। পরিবার সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ঈশা। পাশাপাশি ভয়ানক নিদ্রাহীনতার সমস্যা ছিল তাঁর। এমতাবস্থায় গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। পরিবারের সঙ্গে কথা বলে কারণ খোঁজার চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

×
  • CTVN