Calcutta Television Network

সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের নালিশ! 'অবৈধ ট্রাইব্যুনালের রায় ভারত মানে না', সাফ জানাল নয়াদিল্লি

সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের নালিশ! 'অবৈধ ট্রাইব্যুনালের রায় ভারত মানে না', সাফ জানাল নয়াদিল্লি
23 September 2026 • 03:45:35 pm

সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের মিথ্যাচার বেড়েই চলেছে। এবার জলচুক্তির বিষয় উত্থাপন করে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ জানাল ইসলামাবাদ। পাল্টা পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করে ভারতের স্পষ্ট দাবি, 'যে নির্দেশকে হাতিয়ার করে ওরা মিথ্যাচার করছে সেই ট্রাইব্যুনাল অবৈধভাবে গঠিত।'

সিন্ধু জলচুক্তি স্থগিত থাকায় জলের অভাবে দিশেহারা পাকিস্তান। এর আগেও এই ইস্যুকে হাতিয়ার করে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে তারা। এবার ফের রাষ্ট্রসংঘেও ভারতের বিরুদ্ধে নালিশ জানাল ইসলামাবাদ। যদিও পাকিস্তানের এই পদক্ষেপ নিয়ে মাথা ঘামাতে নারাজ নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'পাকিস্তানের অভ্যাসই হল তথ্য বিকৃত করা ও মিথ্যা প্রচার চালানো। তথাকথিত ওই রায় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের (PCA) রায় নয়, ওটা অবৈধভাবে গঠিত একটি আদালতের রায়। এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট পিসিএ সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করে গঠিত, ভারত কখনও একে স্বীকৃতি দেয়নি। এর কার্যক্রমে অংশও নেয়নি। ফলে ওরা কী ঘোষণা করল তা ভারতের সার্বভৌম সিদ্ধান্তের উপর কোনও প্রভাব ফেলে না। ওই স্বঘোষিত ট্রাইব্যুনালের কোনও এক্তিয়ার নেই ভারতের সিদ্ধান্তে নাক গলানোর।'

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পরই কড়া পদক্ষেপ নেয় ভারত। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিল্লি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইসলামাবাদ যতদিন সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করছে, ততদিন এই চুক্তি স্থগিতই থাকবে। এরপরই একটি তথাকথিত 'সালিশি আদালতের' দ্বারস্থ হয় পাকিস্তান। ওই আদালত সম্প্রতি রায় দেয়, চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনসম্মত নয় এবং চুক্তিটি এখনও কার্যকর রয়েছে।

পালটা কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই স্বঘোষিত আদালতের রায় ভারতের উপর কোনওভাবেই বাধ্যতামূলক নয়। তাদের নির্দেশে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প বা সার্বভৌম সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না। ওই রায়কে হাতিয়ার করেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিচ্ছিল পাকিস্তান, যাতে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আদায় করা যায়। তবে ইসলামাবাদের সেই কৌশল আগেভাগেই ফাঁস করে দিল বিদেশ মন্ত্রক।