Calcutta Television Network

দশমীর রাতে দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেফতার এক, তল্লাশিতে এনআইএ, এনএসজি

দশমীর রাতে দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেফতার এক, তল্লাশিতে এনআইএ, এনএসজি
22 October 2026 12:57:59 pm

দশমীর রাতে দত্তপুকুরে সাদা গাড়ির রহস্য। ঘটনায় গ্রেফতার রাকিবুল ইসলাম। বুধবার যশোর রোডের উপর একটি বাইকের শোরুমের সামনে সন্দেহভাজন সাদা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। গাড়িটির নং WB26BO1786। সন্দেহ হতেই পুলিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত জেলা পুলিসের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিস গিয়ে তল্লাশি চালাতেই গাড়িটির মধ্যে তরল কোনও কেমিক্যাল রয়েছে বলে জানা যায়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পৌঁছয় বম্ব স্কোয়াডও। এরপর গাড়িটিতে তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ, NIA ও NSG-র কমান্ডোরা। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থল সংলগ্ন এলাকার একাধিক রাস্তা। সাধারণ মানুষের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনায় পাকড়াও রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি।

গাড়িটিতে তল্লাশি করে বিস্ফোরক জাতীয় জিনিস উদ্ধার হয়। বেঙ্গল এসটিএফ, এনআইএ ও এনএসজি-র যৌথ তল্লাশিতে এক কেজির বেশি স্প্লিন্টার, অল্প কিছু অ্যামোনিয়া নাইট্রেটের মত বিস্ফোরক পাওয়া যায়। উদ্ধার হওয়া রাসায়নিকগুলিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দত্তপুকুর থানায় মামলার রুজু পুলিসের।

জানা গিয়েছে, তৃণমূল জমানায় বাড়বাড়ন্ত রাকিবুলের। আগে মোটর মেকানিকের কাজ করতেন তিনি। ২০১৮ সাল থেকেই উত্থান। একে একে ৪টি গাড়ির শোরুমের মালিক হন তিনি। দশমীর দিন দুপুরে নিজের একটি শোরুমে ছিলেন রাকিবুল। শোরুমের বাইরেই রাখা ছিল গাড়িটি। সন্ধ্যায় পুলিস এসে সেই গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করে। যদিও রাকিবুলের দাবি, এই গাড়িটি তাঁর নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। সূত্রে খবর ২০১৭ সালে আমডাঙা আর একটি বাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল৷ সেই শোরুমটির মালিক ছিল রাকিবুল ইসলাম৷ পরবর্তীকালে রাকিবুল ইসলাম বাইকের শোরুম শুরু করে বিড়া এলাকায়৷ এখন চারটি শোরুমের মালিক৷ একটি দত্তপুকুরের তেঁতুলতলা, একটি বিড়া, একটি দেগঙ্গার বেড়াচাঁপা, অন্যটি দত্তপুকুর এলাকায়।

গাড়িটি কার? কীভাবে ওই রাসায়নিক গাড়িতে এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কে বা কারা যুক্ত ঘটনার সঙ্গে তদন্ত শুরু পুলিসের।

×
  • CTVN