Calcutta Television Network

চোরবাগান বিপর্যয়ে হাইকোর্টের পরামর্শে SIT গঠন রাজ্য সরকারের, ৩ মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

চোরবাগান বিপর্যয়ে হাইকোর্টের পরামর্শে SIT গঠন রাজ্য সরকারের,  ৩ মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ
22 October 2026 12:39:41 pm

শারদোৎসবের আনন্দ আর আলোর রোশনাইয়ের মাঝেই তিলোত্তমার বুকে নেমে এসেছিল এক গভীর অমানিশা। সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় শোকের ছায়া গোটা রাজ্যে। আনন্দঘন উৎসবের আবহ মুহূর্তে বদলে গেছে শোকে, প্রাণ হারিয়েছেন ১৯টি তাজা প্রাণ।  এই ঘটনার গভীরে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করতে এবং দোষীদের কাঠগড়ায় দাঁড় করাতে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতার হাই কোর্টের সঙ্গে পরামর্শ করে এই ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও নিবিড় তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার।

বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ তারিখে মুখ্যসচিবের দফতর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৬ সদস্যের এই বিশেষ দলের চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে। তাঁর নেতৃত্বে এই দলে রয়েছেন, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব, এসটিএফ-এর ডিজি ও আইজি, রাজ্য পুলিসের এডিজি পদমর্যাদার প্রতিনিধি, স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি এবং এনডিআরএফ-এর প্রতিনিধি। প্রয়োজনে এই দল নিজেদের পরিধি বাড়াতে আরও দক্ষ অফিসারদের যুক্ত করতে পারবে। আগামী ৩ মাসের মধ্যে সমস্ত তথ্য খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই SIT-কে।

চোরবাগানের এই বিপর্যয় কেন ঘটল, তা জানতে একগুচ্ছ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দিক সামনে রাখা হয়েছে। সেগুলি হল-

-ঘটনার সঠিক সময়, স্থান ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

- ভিড়ের চাপ কীভাবে পদপিষ্টের মত পরিণত হল?

- প্যান্ডেলে কত মানুষ ছিল, তা নির্ধারিত নিরাপদ সীমাকে ছাড়িয়ে গিয়েছিল কি না? 

- মাইকে ঘোষণা, হুইসেল, গেট ম্যানেজমেন্ট, গুজব, বিদ্যুৎ বিভ্রাট, এন্ট্রি-এক্সিট ব্যবস্থা, কাঠামোগত ত্রুটি পরিস্থিতিকে জটিল করে তুলেছিল কি না?

- খারাপ আবহাওয়া, হঠাৎ অতিরিক্ত নড়াচড়া, প্যাসেজ, ব্যারিকেড, সিঁড়ি, গেট, জরুরি নির্গমন পথের অবস্থা ঠিক ছিল কিনা?

- উদ্যোক্তা, বেসরকারি নিরাপত্তা, পুলিস, PWD, অ্যাম্বুল্যান্স, পুরসভার প্রস্তুতি ও প্রতিক্রিয়া, হাসপাতাল, দমকল, CESC বা অন্য কোনো সংস্থার কোনো গাফিলতি ছিল কিনা, কর্তব্যে অবহেলা বা সমন্বয়ের অভাব ছিল কি না?

- অনুমতি ও বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা NDMA গাইডলাইন মেনে ছিল কিনা?

- CCTV ফুটেজ, কল রেকর্ড, মোবাইল ভিডিও, ফরেনসিক রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

রাজ্য সরকার এই ঘটনার একটি সামগ্রিক, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার জন্য এবং উপযুক্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।

×
  • CTVN