ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রানওয়ে ছুঁতেই বেসামাল হয়ে যায় উড়ানটি। তবে অল্পের জন্য রক্ষা পায় শতাধিক যাত্রীর প্রাণ। পাইলটের সক্রিয়তায় এ যাত্রায় রক্ষা পায় সকলেই। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্...
ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রানওয়ে ছুঁতেই বেসামাল হয়ে যায় উড়ানটি। তবে অল্পের জন্য রক্ষা পায় শতাধিক যাত্রীর প্রাণ। পাইলটের সক্রিয়তায় এ যাত্রায় রক্ষা পায় সকলেই। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানটি ইন্দৌর থেকে পুণের উদ্দেশে রওনা দেয়। ওই বিমানে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। এরপর বিকেল পাঁচটা নাগাদ পুণে বিমানবন্দরে অবতরণ করার সময়েই ঘটে বিপত্তি। রানওয়ে ধরে এগোতে শুরু করলেই বেসামাল হয়ে যায় উড়ানটি। সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারায় সেটি। ফলে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। এরপর কিছু বুঝে ওঠার আগেই আবার উড়ে যায় বিমাটি!
যদিও গোটা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে নেন পাইলট। বিমানটিকে উড়িয়ে নিয়ন্ত্রণ ঠিক করে ফের কিছুক্ষনের মধ্যেই সেটিকে সফল অবতরণ করান হয়। গোটা ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। বিমানের যাত্রী-সহ ক্রু সদস্যরা প্রত্যেকেই নিরাপদ রয়েছে ঘটনায়। তবে কী কারণে এই সাময়িক বিভ্রাট হয়, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনা পর্যবেক্ষণ করে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।