তামিলনাড়ুতে অভিযান চালিয়ে ধরা পড়ল ছয় সন্দেহভাজন। অভিযোগ, পাক-ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনের সহায়তায় ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল এই চক্র। ধৃতদের থেকে কয়েক ডজন মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার হয়েছে, ...
তামিলনাড়ুতে অভিযান চালিয়ে ধরা পড়ল ছয় সন্দেহভাজন। অভিযোগ, পাক-ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনের সহায়তায় ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল এই চক্র। ধৃতদের থেকে কয়েক ডজন মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার হয়েছে, দাবি দিল্লি পুলিসের।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় গারমেন্টস তৈরির ইউনিটে কাজ করার ছদ্মবেশে থাকত মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জল। ওই ছ’জনকে সেখান থেকেই গ্রেফতার করে তামিলনাড়ু পুলিস।
পুলিসের দাবি, এই জঙ্গি চক্রটিই কয়েকদিন আগে দিল্লির বিভিন্ন এলাকায় উস্কানিমূলক পোস্টার লাগিয়েছিল। কাশ্মীর-সংক্রান্ত পোস্টারও তার মধ্যে ছিল। এমনকি মেট্রোতেও পোস্টার লাগানো হয়। এই পোস্টার নিয়ে তদন্ত করতে নেমেই দিল্লি পুলিস জঙ্গি মডিউলটি পর্দাফাঁস করে। জানা গিয়েছে, অভিযুক্তরা জাল আধার কার্ড ব্যবহার করছিল।
উল্লেখ্য বিষয় হল, সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবা দিল্লিতে একটি বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, ভিড় এলাকাগুলি লক্ষ্য করে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনকি, ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করাও হতে পারে। ফলে সতর্ক রয়েছে পুলিস-প্রশাসন। তারই মধ্যে জঙ্গি মডিউলের পর্দাফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।