আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে৷ ঘটনায় মৃত্যু হয় অন্তত ৩০ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। মৃতদের মধ্যে অধিকাংশ মহি...
আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে৷ ঘটনায় মৃত্যু হয় অন্তত ৩০ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। মৃতদের মধ্যে অধিকাংশ মহিলা বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন দুপুর ৩টে নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে পাঁচ কিলোমিটার দূর থেকে। বিস্ফোরণের পরেই ওই আতশবাজি কারখানায় আগুন ধরে যায়। কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় পুড়ে খাক হয়ে যায় কারখানার একাংশ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানায় কাজ করা শ্রমিকরা কার্যত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরবর্তীতে কারখানা থেকে উদ্ধার হয় অধিকাংশ শ্রমিকের পো়ডা দেহ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার পুরো বিষয়।