প্রকাশ্য রাস্তায় হামলার শিকার দম্পতি ও তাঁদের একরত্তি শিশু। প্রবল যানজটের মধ্যে মাঝরাস্তায় চলে হেনস্থা। গাড়ির দরজা খোলার চেষ্টা করে একদল। আরেক দল সজোরে লাথি মারতে থাকে চাকায়। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালি...
প্রকাশ্য রাস্তায় হামলার শিকার দম্পতি ও তাঁদের একরত্তি শিশু। প্রবল যানজটের মধ্যে মাঝরাস্তায় চলে হেনস্থা। গাড়ির দরজা খোলার চেষ্টা করে একদল। আরেক দল সজোরে লাথি মারতে থাকে চাকায়। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। শেষে গাড়ির দরজা টেনে খুলে চালককে বেদম মারধর করা হয় বলে অভিযোগ। ছাড় পায় না ১০ মাসের শিশুও।
ভয়ানক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে। জানা যাচ্ছে, স্বামীকে বাঁচাতে একাধিকবার দুষ্কৃতীদের কাছে ক্ষমা চেয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই কথা কানে নেননি ৯ অভিযুক্ত। উল্টে লাগাতার মারধর করা হয় তাঁদের। এমনকি স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে নিজের গয়নাও খুলে দিতে চেয়েছিলেন স্ত্রী। বলেছিলেন, 'ওকে মারবেন না। ছেড়ে দিন। আমার সোনার গয়না যা আছে সব নিয়ে নিন।' কিন্তু তাতেও কাজ হয়নি।
কী থেকে ঘটনার সূত্রপাত? জানা যাচ্ছে, গত রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ স্ত্রী, সন্তানকে নিয়ে গাড়িতে করে এক্সপ্রেসওয়ে ধরে বাড়িতে ফিরছিলেন সাগর কুমার। রাস্তায় যানজট ছিল। সেই যানজটের মধ্যে সাগরের গাড়ি সামনে থাকা একটি গাড়িতে হালকা ধাক্কা লাগে। আর ওই গাড়িতেই ছিলেন ৯ অভিযুক্ত। তাঁরা নেমে আসেন। শুরু হয় বচসা। অভিযোগ, তারপরই সাগরকে গাড়ি থেকে টেনে বার করে মারধর করা শুরু করেন ওই যুবকেরা। এই ঘটনায় গুরুতর হয় হয়েছেন সাগর। তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু এখনও বিভীষিকা কাটেনি তাঁর। আতঙ্কে রয়েছেন স্ত্রীও। এমতাবস্থায় দম্পতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।