গত বছরের জুলাই মাসে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর সেই ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে তুমুল চর্চাও শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। ইস্তফার কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতাকেই ...
গত বছরের জুলাই মাসে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর সেই ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে তুমুল চর্চাও শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। ইস্তফার কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতাকেই দায়ী করেছিলেন ধনকড়। তবে বৃহস্পতিবার এক জনসভায় উপস্থিত হয়ে অসুস্থতার তত্ত্ব খারিজ করলেন তিনি। পাশাপাশি পদত্যাগের সময় তিনি কোথাও তাঁর অসুস্থতার কথা উল্লেখ করেননি বলেও দাবি করেছেন।
গতকাল রাজস্থানের চুরুতে এক জনসভায় উপস্থিত হয়ে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বলেন, 'স্বাস্থ্যই সম্পদ। আমি কখনও আমার স্বাস্থ্যের অবহেলা করিনা।' এরপরেই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, 'পদত্যাগের ঘোষণার সময় কোথাও বলিনি যে আমি অসুস্থ। আমার বক্তব্য ছিল, আমি আমার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই। এবং সেটা সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত।'
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন ধনকড়। সেখানে তিনি স্বাস্থ্যজনিত কারণকেই উল্লেখ করেছিলেন ইস্তফা পত্রে। তাঁর আচমকা সিদ্ধান্তকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল বিরোধী শিবিরে। এরপরেই টানা কয়েকদিনের জন্য অদৃশ্য হয়ে যান তিনি। পরে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে ফের দেখা যায় তাঁকে।