আবগারী দুর্নীতির মামলায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্দোষ সাব্যস্ত করলো আদালত। এবং আদালতের রায় শুনে এদিন তাঁর চোখের জল বাঁধ মানলো না। এই মামলায় জেলে যেতে হয়েছিল তাঁকে। তবু, ...
আবগারী দুর্নীতির মামলায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্দোষ সাব্যস্ত করলো আদালত। এবং আদালতের রায় শুনে এদিন তাঁর চোখের জল বাঁধ মানলো না। এই মামলায় জেলে যেতে হয়েছিল তাঁকে। তবু, এক ফোঁটা চোখের জল পড়েনি তাঁর। কিন্তু, এদিন রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন একদা আন্না হাজারের শিষ্য ও দুর্নীতি দমনে লোকপাল-আন্দোলন থেকে উঠে আসা আইআইটি-র ছাত্র কেজরিওয়াল। সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে দাবি করলেন: বৃহৎ ষড়যন্ত্রের শিকার।
এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়াকে বেকসুর খালাস করে তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে। বিশেষ বিচারক জিতেন্দ্র সিং তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা খতিয়ে দেখে বিচারবিভাগ মনে করছে, তার কোনও সারবত্তা নেই। এমনকি, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের গ্রেফতার করার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে-তথ্যপ্রমাণ ছিল, তা যথেষ্ট নয়। দক্ষিণ ভারতের একটি বিশেষ লবিকে সুবিধা পাইয়ে দিয়ে দিল্লির তৎকালীন আপ সরকার কয়েকশো কোটি টাকা রাজস্ব-ক্ষতি করেছে, এই অভিযোগেই শুরু হয় আবগারী দুর্নীতি মামলা। প্রথমে সিবিআই, পরে ইডি এই মামলার তদন্ত করে। অভিযোগ, কেজরিওয়াল সরকারের আবগারী নীতির জন্য রাজ্যের কয়েকশো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে এবং সবকিছু পরিকল্পনামাফিক করা হয়েছে। কিন্তু, অরবিন্দ কেজরিওয়াল হোন কি মনীষ সিসোদিয়া, ব্যক্তিগতভাবে কারুর বিরুদ্ধে ১ টাকাও নেওয়ার অভিযোগ ওঠেনি। তাই, আদালতের পর্যবেক্ষণ, ওই সময়ে আপ সরকারের আবগারী নীতির ফলে রাজস্ব ক্ষতি হতে পারে ঠিকই। কিন্তু, কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল না তার পিছনে।
বিচারক তাঁকে নির্দোষ ঘোষণা করার পর কেজরিওয়ালের চোখের জল আর বাঁধ মানেনি। পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছিল এই আবগারী দুর্নীতি মামলায়। জেলে থেকেই তিনি সরকার চালান বেশ কিছুদিন। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়। ওই জেলযাত্রার সময়ে কিন্তু কেজরিওয়ালের চোখের কোণে এক ফোঁটাও জল চোখে পড়েনি কারুর। কিন্তু, আদালত তাঁকে এই মামলায় নির্দোষ ঘোষণা করার পর আর কান্না চেপে রাখতে পারেননি একদা দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এই মামলায় কেজরিওয়াল ও সিসোদিয়া-সহ ২৩ জনকে বেকসুর খালাস করেছে রাউজ অ্যাভিনিউ আদালত। দুর্নীতি-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা কেজরিওয়ালের মন্তব্য, "আমি দুর্নীতিগ্রস্ত নই। আদালত রায় দিয়েছে, আমি আর মনীষ দুজনেই সৎ"।