নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রবিবার বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী সংস্থার কারখানায় ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। ইতিমধ্য...
নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রবিবার বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী সংস্থার কারখানায় ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। যখন শ্রমিকরা ডেটোনেটর তৈরির কাজ করছিলেন, তখনই আচমকা এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার একটি বড় অংশ ভেঙে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার জেরে বেশ কিছু শ্রমিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিস ও উদ্ধারকারীদল। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।