ইজরায়েলের প্রাণঘাতী হামলায় শনিবার রাতেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। যার প্রতিবাদে ইরান তো বটেই, পাশাপাশি পথে নেমে আন্দোলন শুরু করেছেন কাশ্মীরের বহু মানুষ। গতকাল,...
ইজরায়েলের প্রাণঘাতী হামলায় শনিবার রাতেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। যার প্রতিবাদে ইরান তো বটেই, পাশাপাশি পথে নেমে আন্দোলন শুরু করেছেন কাশ্মীরের বহু মানুষ। গতকাল, রবিবার শ্রীনগরে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর সদর দফতরের সামনে জড়ো হন বিরাট সংখ্যক উত্তেজিত জনতা। সেখানে তাঁরা আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি কাশ্মীরের আরও একাধিক জায়গায় খামেনেইর ছবি হাতে মিছিলও করেন তাঁরা। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীনগরের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখল প্রশাসন।
শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় শুধু খামেনেই নয়, মৃত্যু হয়েছে তাঁর শীর্ষ আধিকারিকদেরও। পাশাপাশি প্রাণ হারিয়েছে আরও শতাধিক মানুষ। যাদের মধ্যে বহু শিশু রয়েছে বলেও দাবি বিভিন্ন সূত্রের। এমতাবস্থায় গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছে মুসলিম দেশগুলোর একাংশ। আমেরিকার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধেও শুরু হয়েছে প্রতিবাদ। আর সেই বিক্ষোভ-আন্দোলনের ছবি এবার ধরা পড়ল কাশ্মীর ভূমিতেও। তাই পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগেই শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি সেখানকার প্রশাসন। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সেখাকার স্কুল ও কলেজ। উদ্ভুত পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেখানকার নাগরিকদের প্ররোচনায় পা দিতে বারণ করেছেন। পাশাপাশি শান্ত থকাৰ বার্তাও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার রাতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। মৃত্যু হয়েছে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের। যার পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালিয়েছে ইরানও। অন্যদিকে ইরানের বিরুদ্ধে এই লাগাতার হামলা আগামী আরও চার-পাঁচ সপ্তাহ ধরে চলতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সব মিলিয়ে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।