মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে চাঞ্চল্যকর মোড়। আত্মসমর্পণ করল চন্দ্রনাথ রথ খুনের 'মূল' অভিযুক্ত। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে বালিয়ার আদালতে আত্মসমর্পণ করেছে সে। অভিযুক্তের নাম, জ্ঞানেন্...
মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে চাঞ্চল্যকর মোড়। আত্মসমর্পণ করল চন্দ্রনাথ রথ খুনের 'মূল' অভিযুক্ত। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে বালিয়ার আদালতে আত্মসমর্পণ করেছে সে। অভিযুক্তের নাম, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু। তাকে আগামী ১৪ দিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তদন্তকারী সূত্রে খবর, ধৃত জ্ঞানেন্দ্র প্রতাপ দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। চন্দ্রনাথ খুনের মামলা ছাড়াও তার বিরুদ্ধে কমপক্ষে ১২টি গুরুতর মামলা রয়েছে। এমতাবস্থায় গত ২৫ মে অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জানা যাচ্ছে, চন্দ্রনাথ খুনে এখনও পর্যন্ত যে যে সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছে, সেখানে জ্ঞানেন্দ্রকে দেখা গিয়েছে। তার ভিত্তিতেই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিস। একাধিকবার তার বাড়িতেও হানা দেয় গোয়েন্দারা। জেরা করা হয় পরিবারের সদস্যদের। এরপরেই চাপের মুখে পড়ে আত্মসমর্পণ করে জ্ঞানেন্দ্র। যদিও অভিযুক্তের স্ত্রীয়ের দাবি, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে।
গত ৬ মে বুধবার, রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়েছিল শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। গুরুতর জখম হয়েছিলেন তাঁর গাড়ির চালকও। পুলিসের প্রাথমিক তদন্তে প্রথম থেকেই ভিনরাজ্যে যোগ উঠে এসেছিল। দাবি করা হয়েছিল, পরিকল্পনামাফিক রেইকি করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। এরপরেই তদন্ত করে একে একে বেশ কয়েকজনকে পাকড়াও করে পুলিস। তবে ঠিক কী কারণে খুন হতে হল শুভেন্দুর আপ্ত সহায়ককে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।