পরিবার সমেত 'পলাতক' কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্যে সরকার বদল হতেই আচমকা ১২ নম্বর বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত। এমতাবস্থায় তিনি পরিবার সমে...
পরিবার সমেত 'পলাতক' কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্যে সরকার বদল হতেই আচমকা ১২ নম্বর বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত। এমতাবস্থায় তিনি পরিবার সমেত ওড়িশা সীমান্তে গাড়ি রেখে চম্পট দিয়েছেন বলে খবর সূত্রের। অন্যদিকে তাঁর গাড়ি চালককে ওড়িশা সীমানা থেকে গ্রেফতার করেছে পুলিস।
তবে কেন পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিরকে? জানা যাচ্ছে, সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফেরার নোটিস জারি করেছে আনন্দপুর থানার পুলিস। তাঁর বিরুদ্ধে হকারদের থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগ উঠেছে। গত ১ জুন আনন্দপুর থানায় সুশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হকাররা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিস।
অন্যদিকে গ্রেফতারির আঁচ পেতেই পরিবারের সদস্যদের নিয়ে গা ঢাকা দিয়েছেন সুশান্ত। তাঁকে হাতেনাতে ধরতে নাকা চেকিংগুলিতেও তল্লাশি চালাচ্ছে পুলিস। এমতাবস্থায় গতকাল, শুক্রবার ওড়িশা সীমানার দিকে যাওয়ার পথে নাকা তল্লাশিতে ধরে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। গ্রেফতার করা হয় গাড়ি চালককে। তবে এখনও অধরা রয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর পরিবার।