এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি, আগামী মাসের শুরুতেই নিট কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানো হতে পারে তাঁর পদ থেকে। বদলে ওই পদে অন্য কোনও দক্ষ ব্যক্তিকে বসানো হবে। আর সেই তালিকায় ইতিমধ্যেই অনেক সম্ভাব্য নামও উঠে এসেছে। তবে শেষ পর্যন্ত কোন নামে সিলমোহর পড়বে তা নিয়ে অবশ্য প্রশাসনের তরফে কিছুই বলা হয়নি। তবে এই দৌড়ে নির্মলা সীতারমণকেই আপাতত এগিয়ে রাখছেন বিশেষজ্ঞ মহলের অনেকে।
সম্প্রতি নিট পরীক্ষায় কেলেঙ্কারির জেরে পড়ুয়াদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। পাশাপাশি তাঁকে অপসারণের দাবি তুলেও লাগাতার বিক্ষোভ চলছে রাজধানী জুড়ে। এই অবস্থায় মোদীর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দলের অন্দর সূত্রে খবর, এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে। আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে।
তবে শুধু ধর্মেন্দ্র প্রধান নয়, পদ হারানোর তালিকায় রয়েছে নীতীন গড়করির নামও। তাঁকে পরিবহণ মন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে বলে খবর সূত্রের। বদলে নতুন মন্ত্রী সভায় জায়গা পেতে পারেন সদ্য আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই শক্তিকান্ত দাস-সহ অনেকে। যদিও শেষ পর্যন্ত এই গুঞ্জন কতদূর সঠিক তা নিয়ে প্রশোসনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে সবটাই বর্তমানে জল্পনা আকারে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।