মঙ্গলবার পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি। ৮০ লক্ষের বেশি কাজ এ...
মঙ্গলবার পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি। ৮০ লক্ষের বেশি কাজ এখনও বাকি থাকায় বাইরের রাজ্য থেকে বিচারক নিয়ে দ্রুত SIR-শুনানির নিষ্পত্তি করতে হতে হবে নির্দেশ দিল আদালত। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির।
এদিন প্রধান বিচারপতি বলেন, 'কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে রাজ্যে। রোজ ২৫০টি শুনানির নিষ্পত্তি হলেও প্রায় ৮০ দিন সময় লাগবে।' এই অবস্থায় পুরো পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করে অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
যথারীতি আদালতের এই পর্যবেক্ষণের পাল্টা সওয়াল করেন রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্য থেকে বিচারক এলে ভাষাজনিত সমস্যা তৈরি হতে পারে বিচারকদের জানান তিনি। যদিও কল্যাণের যুক্তির পক্ষে সায় দেয়নি আদালত। এরপরেই কমিশনের আইনজীবী সওয়াল করে বলেন, অতিরিক্ত তালিকা প্রকাশের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে মনোনয়ন জমা দেওয়ার পরেও ওই তালিকা প্রকাশ করা যেতে পারে। কমিশনের সওয়ালের প্রেক্ষিতে আদালত জানায়, পরে যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে তাও ২৮ তারিখের তালিকা হিসাবেই ধরা হবে।
এরপরেই ওড়িশা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনুরোধ করে জানান, কলকাতা হাইকোর্টের তরফে কোন আবেদন এলে, তা যেন সহানুভূতি এবং বিশেষ গুরুতে দিয়ে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারির আগে জমা পড়া নথিই SIR প্রক্রিয়ায় গ্রাহ্য হিসেবে ধরা হবে বলেও জানায় প্রধান বিচারপতির বেঞ্চ।