পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।এনআইএ তদন্ত আটাকাতে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। রাজ্যের দাবি ছিল এই ঘটনাটি এনআইএ-কে দিয়ে তদন...
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।এনআইএ তদন্ত আটাকাতে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। রাজ্যের দাবি ছিল এই ঘটনাটি এনআইএ-কে দিয়ে তদন্ত করার মতো বিষয় নয়।
সোমবার বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ প্রশ্ন করেন,কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও তদন্ত নিয়ে রাজ্যের আপত্তির কী রয়েছে? তারপর শীর্ষ আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়, হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কিছু নেই। ওই নির্দেশই বহাল রাখা হল।
প্রসঙ্গত ,ভূপতিনগরের ঘটনায় তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মামনি জানা। ওই ঘটনায় তাঁর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন। থানায় গুরুতর অপরাধের অভিযোগে এনআইএ তদন্ত চান তিনি। গত বছর ৯ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন আইন মোতাবেক এই ধরনের অপরাধে থানায় অভিযোগ হলে পুলিস তা রাজ্যকে পাঠাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে। এনআইএ তদন্ত করবে কি না, সেই বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। হাইকোর্টের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার শীর্ষ আদালত যা খারিজ করে দিল।