এসআইআর-এ ২৭ লক্ষ রাজ্যবাসীর নাম বাদ। হিসেব বলছে, ৫০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এর আগে প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছিল, আর এবার ২৭ লক্ষ। এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের ন...
এসআইআর-এ ২৭ লক্ষ রাজ্যবাসীর নাম বাদ। হিসেব বলছে, ৫০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এর আগে প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছিল, আর এবার ২৭ লক্ষ। এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ গিয়েছে। এই নাম বাদের ইস্যু ও নির্বাচনী আধিকারিকদের আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিয়ে সকাল ১০টায় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন তৃণমূলের চার সাংসদের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ, সাংসদ হিসেবে সদ্য শপথ নেওয়া মেনকা গুরুস্বামীরা। এমনকি দিল্লিতে ধরনায় বসার পরিকল্পনা ছিল তাঁদের। আপাতত নির্বাচন কমিশনে দেখা করার সময় পেয়ে পরিকল্পনা স্থগিত করেন তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার দুপুর তিনটের পর নির্বাচন কমিশনে দেখা করতে চেয়ে সময় চাওয়া হয় তৃণমূলের তরফে। কিন্তু কমিশনের তরফে কোনও জবাব না পেয়ে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখেল দিল্লিতে ধরনায় বসবেন বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তারপরে কমিশনের তরফে জানানো হয় বুধবার সকাল দশটায় দেখা করার জন্য সময় দেওয়া হল। তাই তৃণমূলের তরফের ধরনা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংসদ ও তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান,' মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকের ৭ মিনিটের মধ্যে আমাদের বেরিয়ে যেতে বলেছেন। তিনি বলেন, 'গেট লস্ট'। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ৯টি চিঠি নিয়ে গিয়েছিলাম। বলেছি, একজন মুখ্যমন্ত্রীর চিঠির একটিরও উত্তর দেননি। এটা কি যুক্তিযুক্ত?'
ডেরেক আরও বলেন, "বিজেপি কর্মীদের সঙ্গে সিইও-সহ নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, এমন ছবিও দেখিয়েছি। ৬টি প্রমাণ পেশ করেছি। তারপরই আমরা যখন প্রশ্ন করি, এরপরও কীভাবে বলছেন শান্তিপূর্ণ ভোট হবে? ব্যাখ্যা নিয়ে ভিডিও প্রকাশ করুন, না হলে অডিও প্রকাশ করুন।"
উল্লেখ্য, শুরু থেকেই সামনে আসছিল,মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর- এই তিন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়তে পারে। হিসেব সামনে আসার পর দেখা গেল, সবার আগে রয়েছে মুর্শিদাবাদ জেলাই। কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদে সর্বোচ্চ বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ১ হাজার ভোটার। মুর্শিদাবাদের ২০২৫-এর ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। খসড়া তালিকায় নাম উঠেছে ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮জনের। বিচারাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার জনের নাম বাদ পড়েছে।