আগামী চার তারিখ ভোট গণনা। আর তার আগে প্রার্থীদের উদ্দেশ্য করে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। বললেন, 'আজ রা...
আগামী চার তারিখ ভোট গণনা। আর তার আগে প্রার্থীদের উদ্দেশ্য করে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। বললেন, 'আজ রাত থেকেই পাহারায় নামুন। দরকার হলে আমিও বুথ পাহারা দেব। ২৯৪টি আসনের প্রার্থীরা রাত জেগে পাহারা দিন।'
দ্বিতীয় দফা ভোটের পরেই বৃহস্পতিবার বিকেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তৃণমূল নেত্রী। সেখানে 'ছাব্বিশে ২২৬ পার করব' বলেও আত্মপ্রত্যয়ী বার্তা দিয়েছেন তিনি। কিন্তু মাঝপথে ইভিএম বদল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। এই অবস্থায় শেষ মুহূর্তের নজরদারিতে আরও জোর দিতে চাইছেন তিনি। তাই প্রার্থীদের রাত জেগে স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, 'প্রাথীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতে নিজেরা পাহারায় বসুন। আমি যদি রাত জেগে পাহারা দিতে পারি, আপনারাও পারবেন। রাত জাগুন, সকালে অন্য কাউকে দায়িত্ব দিয়ে তারপর ঘুমাবেন। কারণ, স্ট্রং রাম থেকে কাউন্টিং রুমে যাওয়ার পথে ওরা ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তাই সতর্ক থাকুন। আমি প্রেস বিবৃতি না দেওয়া পর্যন্ত কাউন্টিং রুম ছাড়বেন না।'
বলে রাখা ভালো, এবারের ভোট বঙ্গে কান পাতলেই সরকার পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষাও সেই দিকে জোর দিয়েছে। এমতাবস্থায় তৃণমূল নেত্রীর এই ভিডিও বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে মমতার মুখে আত্মপ্রত্যয়ী হাসি, সরকারে বদলের গুঞ্জনে জল ঢেলে দিয়েছে বলেও মনে করা হচ্ছে। এই অবস্থায় আসন্ন ৪ তারিখ তৃণমূল নেত্রীর 'ভবিষৎবাণী' কতখানি বাস্তবতা পাবে, আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য তথা দেশ।