দেশের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেট-এর একটি বিমান সজোরে ধ...
দেশের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেট-এর একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশা এয়ার-এর একটি বিমানকে। এই ঘটনায় দুই বিমানেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রের খবর, এদিন দিল্লি বিমানবন্দরে স্পাইসজেট-এর B737-700 বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ট্যাক্সিং পেরিফেরি বা সংযোগকারী পথে দাঁড়িয়ে থাকা আকাশা এয়ারের একটি বিমানের লেজের দিকের অংশে সজোরে ধাক্কা মারে স্পাইসজেটের ডানদিকের ডানা।
স্পাইসজেটের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, “১৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় স্পাইসজেট B737-700 বিমানটি একটি 'গ্রাউন্ড অকারেন্সে'র সম্মুখীন হয়। এর ফলে আমাদের বিমানের ডানদিকের উইংলেট এবং অন্য একটি এয়ারলাইন্সের বিমানের বাঁদিকের 'হরাইজন্টাল স্ট্যাবিলাইজার' ক্ষতিগ্রস্ত হয়েছে।”
সংঘর্ষের পর তড়িঘড়ি স্পাইসজেটের বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং সেটিকে আপাতত ‘গ্রাউন্ডেড’ বা উড়ানের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে। আকাশা এয়ারের বিমানটিকেও যান্ত্রিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর মেলেনি ঠিকই, তবে এই সংঘর্ষের জেরে একাধিক বিমানের সূচিতে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।