দরজায় কড়া নাড়ছে ২৬ এর নির্বাচন। পাশাপাশি এসআই নিয়ে উত্তেজনার পারদ চড়েছে রাজ্যে । আর এই আবহে মুড়িমুড়কির মত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে ঝুড়ঝুড়ি বোমা। বোমা উদ্ধারে মুর্শিদাবাদের নাম ...
দরজায় কড়া নাড়ছে ২৬ এর নির্বাচন। পাশাপাশি এসআই নিয়ে উত্তেজনার পারদ চড়েছে রাজ্যে । আর এই আবহে মুড়িমুড়কির মত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে ঝুড়ঝুড়ি বোমা। বোমা উদ্ধারে মুর্শিদাবাদের নাম উঠে আসে বারবার , এবার আবারও বুধবার সাতসকালে ফের মুর্শিদাবাদে উদ্ধার হল তাজা বোমা। মুর্শিদাবাদের রানিতলা থানার বাড়িয়ানগর এলাকা থেকে ৩০ টি সকেট বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর , বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রানিতলা থানার পুলিশ বাড়িয়ানগর এলাকায় যায়। তারা জানতে পারে সেখানে একটি পুকুরের পাশে বোমা রাখা আছে। সেই মতো রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। তৎক্ষনাৎ বোমা গুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালায় রানিতলা থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে , কোথা থেকে এল এতগুলো বোমা? তদন্ত করে দেখছে পুলিশ।
অন্যদিকে বুধবার সাত সকালে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ায় চাকদা থানার হরিআঁখি মাঠ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জমিতে যাওয়ার সময় কয়েকজন কৃষক দেখে মাঠের মধ্যে সুতলি বাধা একটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় চাকদা থানায়। নিমেষেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বোমা দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। চাকদা থানার অন্তর্গত দরাপপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এমন বসতি এলাকায় কে বা কারা রেখেছিল বোমা? কি উদ্দেশ্যে ছিল তাদের ? যদিও সমগ্র প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় চাপানউতোর প্রশাসনিক মহলে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে, এলাকায় নজরদারি চালিয়ে , সন্দেহভাজনদের গ্রেফতার করে তারা জানার চেষ্টা করেছে , কিন্তু কাজের কাজ হচ্ছে কই? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।