এবার ভোটার তালিকার মতোই, আধার তালিকাতেও 'ভূত' খুঁজতে তৎপর হয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া বাস্তবায়ন করতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা। সূত...
এবার ভোটার তালিকার মতোই, আধার তালিকাতেও 'ভূত' খুঁজতে তৎপর হয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া বাস্তবায়ন করতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা। সূত্রের খবর, মৃত ভোটারদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা। কমিশনের তরফে সেই তথ্য মিললে নিজেদের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে UIDAI। সেক্ষেত্রে যদি কোন মৃত ভোটারের নাম এখনও আধার কার্ডে সক্রিয় থাকে, তাহলে ওই কার্ড বাতিল করে দেওয়া হবে।
ইতিমধ্যেই বাংলা-সহ আরও ১২ রাজ্যের SIR প্রক্রিয়ায় কয়েক লক্ষ মৃত মানুষের নাম প্রকাশ্যে এসেছে। সেই মৃত ভোটাররা কোনওভাবে আধার তালিকায় যেন থেকে না যায়, তা নিশ্চিত করতেই ভোটার তথ্যের সঙ্গে নিজেদের তথ্য মিলিয়ে দেখতে চায় UIDAI। তাই ভোটার তথ্য চেয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর এক সংবাদমাধ্যম সূত্রে। তবে কমিশন তাদের নিজস্ব ডেটাবেস আধার সংস্থাকে দেবে কিনা তা এখনও স্পষ্ট না।
এই বিষয়ে নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, SIR-এর যাবতীয় তথ্য কমিশনের মালিকানাধীন। ফলে ওই তথ্য তারা কোন সরকারি সংস্থার সঙ্গে ভাগ করতে পারেন না। ওই কর্মকর্তা আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা, ফলে তাদের অবশ্যই তথ্যের অখণ্ডতা বজায় রাখতে হয়। তবে শেষ পর্যন্ত কমিশন আদৌ তথ্য দেওয়ার ক্ষেত্রে নতুন কোনও সিধান্ত নিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।