বুধবার দিনভর অশান্তির মধ্যেই সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকালই সুপ্রিমে SIR মামলা চলাকালীন আগামী ৭ এপ্রিলের মধ্যে সমস্ত ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছিল কমিশ...
বুধবার দিনভর অশান্তির মধ্যেই সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকালই সুপ্রিমে SIR মামলা চলাকালীন আগামী ৭ এপ্রিলের মধ্যে সমস্ত ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছিল কমিশন। পাশাপাশি বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষ নামের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও সুপ্রিম কোর্টকে জানিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। এরপরেই রাতের দিকে সপ্তম অতিরিক্ত ভোটার তালিকা সামনে আনে কমিশন। সেই তালিকার তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জনের নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজন ডিলিটেড তালিকায় রয়েছে তা এখনও স্পষ্ট না।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেই তালিকায় ৬০ লক্ষের নাম বিচারাধীন ছিল। এই অবস্থায় বিচারাধীন থাকা জনগণের নাম ধাপে ধাপে নিষ্পত্তি করতে থাকে কমিশন। বুধবারের তথ্য অনুযায়ী ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় ৪৯ লাখ ৬২ হাজার ৮৫০ জন নামের তথ্য যাচাই হয়েছে। ফলে মেরেকেটে এখনও ১০ লক্ষের নাম বিচারাধীন রয়েছে। সেই সমস্ত নাম নিষ্পত্তির পরেই জানা যাবে, বাদ পড়া ভোটারের সংখ্যা কত। পাশাপাশি গোটা SIR প্রক্রিয়ায় কতজন ভোটার 'পাশ' করলেন, জানা যাবে তাও।
কমিশনের তরফে জানান হয়েছে, যে গতিতে কাজ চলছে তাতে কয়েকদিনের মধ্যেই বাকি থাকা ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে। যদি তারপরেও কিছু নাম বাদ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অন্যদিকে আজ, বৃহস্পতিবার থেকেই ট্রাইবুন্যালের কাজ শুরু হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তা করা সম্ভব হচ্ছে না। ফলে এখন ট্রাইবুন্যালের ভবিষৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।