গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে মারণ-যুদ্ধে নেমেছে ইসরায়েল ও আমেরিকা। সোমবার তৃতীয় দিনে পড়েছে এই সংঘর্ষ। এমতাবস্থায় ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা ৫৫৫ ছাড়িয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রে...
গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে মারণ-যুদ্ধে নেমেছে ইসরায়েল ও আমেরিকা। সোমবার তৃতীয় দিনে পড়েছে এই সংঘর্ষ। এমতাবস্থায় ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা ৫৫৫ ছাড়িয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। আহত হয়েছেন আরও কয়েক হাজার। এই অবস্থায় 'মারের' পাল্টা প্রত্যাঘাত দিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইরানও।
ইরানের এক সরকারি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে এখনও পর্যন্ত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আহতদের সংখ্যাও। মৃতদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু রয়েছে বলেও দাবি সূত্রের। গত শনিবার অর্থাৎ যুদ্ধ শুরুর প্রথম দিনই দক্ষিণ ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। যার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১৬৫ জন ছাত্রীর। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে সমস্ত হাসপাতালে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আতঙ্কও।
অন্যদিকে লাগাতার হামলায় 'আহত' ইরানও এবার পাল্টা প্রত্যাঘাত দিতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর শুরু হয়েছে ড্রোন হামলা। মূলত আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর 'বদলা' নিতেই এই সংঘর্ষ শুরু করেছে তেহরান। আজ সকালেও সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি, কাতারের রাজধানী দোহা, এবং বাহরিনের রাজধানী মানামাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।