ইউনূসের দ্বেষের বাংলাদেশে যে হিন্দু নিধন অব্যাহত, তা নিয়ে কোনও দ্বিমত নেই। যতদিন যাচ্ছে ততই সেদেশে হিন্দুদের অবস্থা খারাপ হতে থাকছে। ইউনূসের রাজত্বে ধর্ষণ, খুন, সংখ্যালঘু হিন্দু অত্যাচারের মত ঘটনা যেন...
ইউনূসের দ্বেষের বাংলাদেশে যে হিন্দু নিধন অব্যাহত, তা নিয়ে কোনও দ্বিমত নেই। যতদিন যাচ্ছে ততই সেদেশে হিন্দুদের অবস্থা খারাপ হতে থাকছে। ইউনূসের রাজত্বে ধর্ষণ, খুন, সংখ্যালঘু হিন্দু অত্যাচারের মত ঘটনা যেন নিত্যদিনের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই ঘটনা আরও একবার দেখা গেল পদ্মাপাড়ে। ফের এক হিন্দু ব্যক্তিকে খুন করা হল বাংলাদেশে। সূত্রের খবর, ময়মনসিংহে একটি কারখানার বজেন্দ্র বিশ্বাস নামে এক নিরাপত্তাকর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলেই অভিযোগ। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
হাদির মৃত্যুর পর বাংলাদেশের সংবাদমাধ্যমের বেশ কিছু অফিসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এক সাংবাদিককেও খুনের অভিযোগও উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। এমনকি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়েছে। আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাশাপাশি কিছুদিন আগেই এক হিন্দু যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে খুন করার ঘটনাও সামনে এসেছে। এরই মধ্যে ফের ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গুলি করে খুন করার ঘটনা।
প্রসঙ্গত, বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বেই হাদিকে সিঙ্গাপুরে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি তাঁর মৃত্যুর পর থেকেই রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকারের অভিযোগ, 'আওয়ামি লীগের ছাত্র সংগঠনের এক কর্মীই হাদিকে গুলি করে।'