বাংলাদেশে জুলাই সনদ নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে। সম্প্রতি এমনই দিনক্ষণ ঘোষণা করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার। এমন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা বাংলাদে...
বাংলাদেশে জুলাই সনদ নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে। সম্প্রতি এমনই দিনক্ষণ ঘোষণা করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার। এমন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ফের অগ্নিগর্ভ ও বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই আবহে রাশিয়া চায়, 'যাতে দ্রুত বাংলাদেশে শান্তি ফেরে।' এমনকি নয়াদিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কথাও বলা হয়েছে মস্কোর পক্ষ থেকে।
সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগোরাইভিচ জানিয়েছেন, 'বর্তমান সময়ে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে সেসব অবিলম্বে বন্ধ হওয়া দরকার। নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশ শান্ত হওয়া দরকার। শুধু তাই নয়। সেই সঙ্গে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কও মসৃণ করতে হবে। দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি সেই বিষয়ে দ্রুত সমাধান করতে হবে।'
প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, 'আমাদের বাংলাদেশের নির্বাচনের দিন ঠিক হয়ে গিয়েছে। আদতে নির্বাচন কেমন হবে, তা নিয়ে কোনও দেশের থেকে কোনও উপদেশ দরকার নেই আমাদের। ভারত দিনদিন এই সমস্ত নিয়ে উপদেশ দিয়েই চলেছে। তবে আমরা তা চাইছি না। বাংলাদেশ ওইসব উপদেশ গ্রহণযোগ্য বলে মনে করে না।'