জাতীয় সভাপতি শ্রী জ্যোতি প্রকাশ চ্যাটার্জির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-র নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হল। মোট ২৭ জনকে নিয়ে তৈরি হয়েছে নতুন কমিটি। ...
জাতীয় সভাপতি শ্রী জ্যোতি প্রকাশ চ্যাটার্জির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-র নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হল। মোট ২৭ জনকে নিয়ে তৈরি হয়েছে নতুন কমিটি। প্রকাশিত তালিকা অনুযায়ী ৬ জন সহ-সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১ জন যুগ্ম-কোষাধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন তালিকায় কারা?
সূত্রের খবর, গত ২২ সেপ্টেম্বর ঘোষিত এই তালিকায় বড় চমক প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। তাঁকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবু তাহের খান, দীপক অধিকারী (দেব), জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা পাঞ্জা।
সাধারণ সম্পাদক করা হয়েছে উত্তীয় কুন্ডু, মিতালি বাগ, বাপি হালদার, সুলেখা ভুঁইয়া, বিবেক মিশ্র এবং শুভেন্দু চক্রবর্তীকে। সচিব পদে রয়েছেন অভিষেক মুখার্জি, কল্লোল চক্রবর্তী, বাপ্পা সরদার, প্রবীর মাহাতা, মৃত্যুঞ্জয় সিনহা, পল্লব মুখার্জি, দিব্যেন্দু দাস, বিপ্লব দেব, প্রদীপ ধর, সুস্মিতা ভুঁইয়া, স্বাতী গোস্বামী বোস এবং মোনালিসা খাতুন। কোষাধ্যক্ষ স্বরূপ জয়সওয়াল এবং যুগ্ম-কোষাধ্যক্ষ সুদাম জেটি।
NCPI-র প্রেক্ষাপট:
NCPI একটি অতি ক্ষুদ্র দল হিসেবেই পরিচিত ছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে নির্বাচন কমিশনে দলটি নথিভুক্ত হয়। দলের রেজিস্টার্ড ঠিকানা হাওড়ার সাঁকরাইলে। প্রতিষ্ঠাতা ছিলেন শিউলি কুন্ডু। ২০২৩-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলটি ৪টি আসনে প্রার্থী দেয় - "দলবদলুদের প্রত্যাখ্যান করুন" স্লোগান নিয়ে। যদিও ভোটের ফলাফল ছিল অতি সামান্য।
বলে রাখা ভালো, হঠাৎ করেই চলতি বছরের জুন মাসে জাতীয় রাজনীতিতে চর্চায় উঠে আসে NCPI। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী লোকসভা সাংসদ দল ছেড়ে NCPI-তে যোগ দেন বলে ঘোষণা করেন কাকলি ঘোষ দস্তিদার। শিউলি কুন্ডু সভাপতি পদ থেকে সরে দাঁড়ালে নতুন সভাপতি হন জ্যোতি প্রকাশ চ্যাটার্জি। বিদ্রোহী শিবির NDA-কে সমর্থনের কথা ঘোষণা করে। বর্তমানে বিষয়টি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনের অধীনে বিচারাধীন রয়েছে।