যুদ্ধ থামানোর জন্য আমেরিকা ইরানকে যে ১৫ দফা শর্ত দিয়েছিল, তার অধিকাংশই তেহরান মেনে নিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই বিষয়ে ইরানের তরফে এখনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পাশাপাশি ইর...
যুদ্ধ থামানোর জন্য আমেরিকা ইরানকে যে ১৫ দফা শর্ত দিয়েছিল, তার অধিকাংশই তেহরান মেনে নিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই বিষয়ে ইরানের তরফে এখনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পাশাপাশি ইরান ১৫ শর্তের মধ্যে কোন কোন শর্তে রাজি হয়েছে তা নিয়েও বিশেষ কিছু জানাননি মার্কিন প্রধান।
গত সপ্তাহেই পাকিস্তান মারফত ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই প্রস্তাবের প্রাপ্তিস্বীকারও করেছিল ইরান। জানিয়েছিল, তারা ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখবে। যদিও এরপর তেহরানের তরফে সেই প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি। এই আবহে এবার ট্রাম্প নিজেই দাবি করলেন, প্রস্তাবগুলির বেশির ভাগই মেনে নিয়েছে ইরান। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর বিবৃতি অনুযায়ী, 'ওরা (ইরান) ওগুলি নিয়ে যোগাযোগ করেছে। ওরা আমাদের দাবিগুলির বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন?' তিনি আরও বলেন, 'আমরা যা চিন্তাভাবনা করছি, তার সঙ্গে ওরাও (ইরান) সহমত। আমরা ১৫টি বিষয়ের কথা বলেছিলাম। মূলত ওই বিষয়গুলি ছাড়াও আমরা আরও কয়েকটি বিষয়ে ওদের কাছে প্রস্তাব দেব।'
প্রসঙ্গত, গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের কাছ থেকে তিনি একটি 'উপহার' পেয়েছেন। যদিও কী সেই উপহার, তা তখনও স্পষ্ট করেননি তিনি। কিন্তু এবার জল্পনা উড়িয়ে তিনি দাবি করলেন, আমেরিকাকে তেল পাঠান শুরু করেছে ইরানে। ঘুরপথে ইরানও সমঝোতায় রাজি হয়ে তেল পাঠাচ্ছে বলে মনে করছেন ট্রাম্প।