মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার শেয়ার বাজারেও। সপ্তাহের প্রথম দিনই বড় ধস ভারত-সহ বিশ্বের সব প্রান্তের শেয়ার বাজারে। সেই সঙ্গেই নেমেছে টাকার দাম। উল্টে তরতরিয়ে বাড়তে শুরু করেছে তেলের দাম। এমতাবস্থায় ইর...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার শেয়ার বাজারেও। সপ্তাহের প্রথম দিনই বড় ধস ভারত-সহ বিশ্বের সব প্রান্তের শেয়ার বাজারে। সেই সঙ্গেই নেমেছে টাকার দাম। উল্টে তরতরিয়ে বাড়তে শুরু করেছে তেলের দাম। এমতাবস্থায় ইরানের বিরুদ্ধে আরও চার-পাঁচ সপ্তাহ যুদ্ধ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার উদ্ভুত এই পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী দুবাই এবং আবুধাবির শেয়ার বাজার বন্ধ হল, যা আজ এবং আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে বলে খবর সূত্রের।
গত শনিবার থেকেই প্রাণঘাতী যুদ্ধ শুরু হয়েছে ইরানে। যার জেরে মৃত্যু হয়েছে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। তারপর থেকেই পাল্টা প্রত্যাঘাত দিতে শুরু করেছে তেহরান। এই অবস্থায় শেয়ার বাজারে যে ধস নামবে তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্ত সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি যে এতখানি নেমে যাবে তা হয়ত ভাবতেই পারেননি বিনিয়োগকারীরা। এবার এই অবস্থায় অর্থাৎ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ এবং দুবাই ফিনান্সিয়াল মার্কেট-সহ একাধিক শেয়ার বাজার বন্ধ করা হল। সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এগুলো বন্ধ রাখা হবে বলে খবর সূত্রের।
এই পরিস্থিতিতে বড় লাভের আশা না করাই ভালো বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, খুব সতর্ক থেকে ট্রেডিং করতে হবে। তবে হুড়মুড় করে শেয়ার বিক্রি করে ফায়দা তোলাটাও খুব একটা লাভজনক হবে না। অতীতের উদাহরণ টেনে বিশ্লেষকরা বলছেন, কোভিড অতিমারী হোক বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-প্রাথমিক আতঙ্ক কেটে গেলেই বাজার ফের উর্ধ্বমুখী হয়েছে। ফলে সেকথা মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।