তিলজলা শুটআউট কাণ্ডে গ্রেফতার ২ অভিযুক্ত। মঙ্গলবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর সূত্রের। ধৃতরা এলাকা ছেড়ে চম্পট দেওয়ার আগেই তাঁদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের থেকে একটি ...
তিলজলা শুটআউট কাণ্ডে গ্রেফতার ২ অভিযুক্ত। মঙ্গলবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর সূত্রের। ধৃতরা এলাকা ছেড়ে চম্পট দেওয়ার আগেই তাঁদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটো কার্তুজ পাওয়া গিয়েছে বলে খবর পুলিস সূত্রে।
জানা যাচ্ছে, ধৃত দু'জন সম্পর্কে বাবা ও ছেলে। একজনের নাম মহম্মদ সলমন ও অপরজন মহম্মদ আনওয়ার। এর মধ্যে সলমন'ই সোমবার রাতে যুবককে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালিয়েছিল অভিযোগ। গ্রেফতারের পর আজ, বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, ঠান্ডা পানীয় চুরি যাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়েছিল। পরে সেই সুযোগে পুরনো শত্রুতাকে কেন্দ্র করে চরম আকার ধারণ করেছিল স্থানীয় দুই যুবকের বচসা। এরপরেই ২০ বছরের এক যুবককে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতার বেনিয়াপুকুর থানার ২/২ তিলজলা রোডে।
এরপরেই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে মহম্মদ নিয়াজের পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। অন্যদিকে জখম যুবকের দাবি, অভিযুক্ত সলমনের কাছে সবসময়ে আগ্নেয়াস্ত্র থাকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলাবাজি, গুন্ডাগিরি চালানোর অভিযোগও তুলেছেন সে। সোমবার বচসার পর নিজের কাছে থাকা বন্দুক থেকেই সলমন এই কাণ্ড ঘটিয়েছিল বলে জানা যায়।