আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখবেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। হিসাব অনুযায়ী শনিবার হলেও শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখবেন মেসি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ন...
আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখবেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। হিসাব অনুযায়ী শনিবার হলেও শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখবেন মেসি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে মেসির বিমান। তবে মাত্র কয়েকঘন্টার জন্যই তিনি থাকবেন শহরে। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের। ইতিমধ্যেই মেসির কলকাতা সফর ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলেই জানা গিয়েছে। শহরে পা রাখার পর যাতে তাঁর নিরাপত্তার ব্যাপারে কোনও অসুবিধা না হয়, তা নজর রাখছে বিধাননগর পুলিস।
জানা গিয়েছে, শুক্রবার রাত ১ টা বেজে ৩০ মিনিটে কলকাতায় বিমানবন্দরে পা রাখবেন লিওনেল মেসি। তারপরই সোজা হোটেলে। কিছুক্ষন বিশ্রাম করার পরই আবার বেরিয়ে পড়বেন তিনি। শনিবার সকাল সাড়ে ৯ টার সময় একটি অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। পরবর্তীতে নিজের মূর্তি উদ্বোধন করে যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন তিনি।
যুবভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শাহরুখ খানও উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে দেখা করবেন মেসি। সেখানে সমস্ত সংবর্ধনা, তারকাদের ম্যাচ, ও আলাপ পরিচিতা পর্ব শেষ হওয়ার পর ফের বিমাবন্দরে চলে যাবেন লিওনেল মেসি। বলাবাহুল্য, দুপুর ২টোর সময় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন তিনি। মেসির নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০০ পুলিসকর্মী দায়িত্বে থাকবেন বলেই সূত্রের খবর।