নির্ধারিত সূচি অনুযায়ী শক্র সকালে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক শপথ গ্রহণেও থাকবেন তিনি। তার আগে আজ, বিজেপির হবু বিধায়কদের ...
নির্ধারিত সূচি অনুযায়ী শক্র সকালে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক শপথ গ্রহণেও থাকবেন তিনি। তার আগে আজ, বিজেপির হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন শাহ। সেখান থেকেই চূড়ান্ত হবে বাংলার মুখ্যমন্ত্রীর নাম।
বঙ্গ জয়ের পর প্রথম বঙ্গে এলেন শাহ। কলকাতায় এসেই তিনি প্রথমে পৌঁছে যান দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, মন্দিরে পুজো দিয়ে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। এরপর নিউটাউনের ওই হোটেলে রাত্রিবাস করে শনিবার ব্রিগেডের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
জানা যাচ্ছে, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তাঁর সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান হয়। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়। এটি বিজেপির পরিষদীয় রীতি।
তবে এই সব কিছুর মধ্যেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। সিংহভাগই মনে করছেন শুভেন্দু অধিকারীকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাওয়া যাবে। যদিও এই বিষয়ে দলের তরফে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। এই অবস্থায় শুক্রবার সন্ধ্যার মধ্যে সেই জল্পনার ইতি ঘটবে বলেই মনে করা হচ্ছে।