খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দানে অ্যাথলিট স্বপ্না বর্মণ। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নতুন হিসেবে যুক্ত হলেন বাংলার মেয়ে স্বপ্না। শুক্রবার দুপুরেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা ...
খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দানে অ্যাথলিট স্বপ্না বর্মণ। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নতুন হিসেবে যুক্ত হলেন বাংলার মেয়ে স্বপ্না। শুক্রবার দুপুরেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। সেখানে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জলপাইগুড়ি জেলার মেয়ে স্বপ্না বর্মণ। ছোট থেকেই খেলার মাঠকে সঙ্গী করে বড় হয়েছে সে। তাঁর হাত ধরেই বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল হয়েছে বিশ্বদরবারে। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন। কিন্তু তারপর থেকে অ্যাথলেটিক্সের দুনিয়া থাকে কিছুটা সরে আসেন স্বপ্না। কারণ তাঁর পিঠের চোট। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। তবে এবার, বিধানসভা নির্বাচনের আগে জীবনের ট্র্যাক বদল করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাথলেট স্বপ্না। শুক্রবার তৃণমূল কার্যালয়ে গিয়ে ঘাসফুল শিবিরের নতুন সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেলন তিনি।
যদিও তিনি যে রাজনীতিতে যোগ দেবেন, তা নিয়ে অনেকদিন আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বিভিন্ন মহলে। এর মধ্যেই গত জানুয়ারি মাসে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মণকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে আজ সেই জল্পনায় সিলমোহর দিয়ে তৃণমূল কার্যালয়ে পৌঁছালেন স্বপ্না। আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানালেন তৃণমূলের রাজ্য শীর্ষ নেতৃত্বরা। ছাব্বিশের নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হতে পারে বলেও ধারণা ওয়াকিবহল মহলের।