তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার সেই কথা রাখলেন। নিহতদের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হ...
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার সেই কথা রাখলেন। নিহতদের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। সেই অনুষ্ঠানেই মৃতদের পরিবারের যে কোনও একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা বিচার করে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন শুভেন্দু।
সেইসঙ্গে আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে ওষুধ দেওয়া হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক মৃত শ্রমিকের পরিবারের তরফে তাঁর স্ত্রী দাবি করেন, ক্ষতিপূরণের টাকায় তো তাঁর সারাজীবন চলবে না, সন্তানের জন্য যেন একটা সংস্থানের ব্যবস্থা করা হয়। এ কথা শুনে শুভেন্দু অধিকারী জানান, শ্রম দফতরের অধীনে থাকা স্কিমে এ ক্ষেত্রে কী কীভাবে সাহায্য করা হয়, তা দেখা হবে। এছাড়াও কলকাতায় যে সব ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, তাদের কলকাতা পুরসভার কাজে কোনওভাবে যুক্ত করা যায় কি না, তা দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কলকাতা পুলিসকেও নির্দেশ দেন, যাতে এইসব পরিবারের সঙ্গে কথা বলা হয়।
উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনার সময়ে রাজ্যে বিধানসভার অধিবেশন চলছিল। ফলে গত ২৫ মে মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের বিশেষ অনুমতি নিয়ে অধিবেশনে এই ক্ষতিপূরণের কথা প্রথম ঘোষণা করেছিলেন।