রবিবার দুপুরে পার্ক সার্কাসের উত্তাল ঘটনাকে কেন্দ্র করে আজ, সোমবার ঘটনাস্থলে যায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ছিলেন কলকাতা পুলিসের সাউথ ইস্ট ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। পার্ক সার্কাসের ডিস...
রবিবার দুপুরে পার্ক সার্কাসের উত্তাল ঘটনাকে কেন্দ্র করে আজ, সোমবার ঘটনাস্থলে যায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ছিলেন কলকাতা পুলিসের সাউথ ইস্ট ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। পার্ক সার্কাসের ডিসি অফিস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন। সেখানে ছিলেন কলকাতা পুলিসের শীর্ষ কর্তারা।
ঘটনাস্থল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আইন মেনে প্রতিবাদ করার হলে করা যাবে। কিন্তু পুলিসের ওপর আক্রমণকে বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, এদিন পার্ক সার্কাসের ঝামেলায় আহত পুলিস কর্মীদের সাক্ষাৎ করে বললেন তাদের মন শক্ত রাখতে হবে, এবং সেই সঙ্গে তাদের নির্ভয়ে কাজ করারও আস্থা দিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার দুপুরে পার্ক সার্কাসে বিক্ষোভ-জমায়েতকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিস বিক্ষোভ হটাতে গেলে ক্ষুব্ধ জনতা পুলিসকে লক্ষ্য করে ইট–পাথর ছোড়ে, কেন্দ্রীয় বাহিনীর একটি বাস ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। শুভেন্দু বলেন, 'হঠাৎ করে কাউকে লক্ষ করে পাথর ছোঁড়া... কাশ্মীরে বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় একাধিক পুলিস আহত হয়েছে, সিআরপিএফ আহত হয়েছে। এদের শরীর স্বাস্থ্য কেমন আছে জানতে এসেছিলাম। আমাদের ফোর্স খুব ভালো করেছে। মানুষকে বাঁচিয়েছে। ভয় মুক্ত হয়ে কাজ করবেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে। এই কাজগুলো করবেন না, আবেদন করবো। আগের সরকার আগের নিয়ম আছে এসব মনে করেন তাহলে ভুল করবেন। পুলিসকে হাত-পা বেঁধে রাখবো হবে না। লাস্ট বার ওয়ার্ন দিলাম। দেশ-বিরোধী কাজ চলবে না। একটা পুলিসের গায়ে যদি হাত পড়ে তাহলে শুধু অ্যারেস্ট না, কনভিকশন করানোর দায়িত্ব আমাদের।'
তিনি আরও বলেন, 'কে কোন দল, কে কোন সম্প্রদায়, অ্যাকশন নিতে গেলে ৫ বার ভাবতে হবে, এসব ভুলে যান। কলকাতা পুলিসের দক্ষতা ফিরিয়ে আনার জন্য সরকার পাশে আছে। এখনও ৪০ জন গ্রেফতার। সিপি নিজে দেখছে এই বিষয়টা। পার্ক সার্কাস-সহ বিগত দিনে যেখানে যা ঘটিয়েছেন, এরপর আর কিছু করতে পারবেন না। এটাই শেষ ঘটনা। এরপর হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাংলায় এদের অভ্যেসটা রয়ে গেছে। Past is past, আগে যা হয়ে গেছে তার আর পুনরাবৃত্তি হবে না। আগামী ৬ মাসে কলকাতা পুলিসের ভোল বদলে যাবে। ৪০ কোম্পানী জওয়ান আছে, অল্টারনেট সিধান্ত আসার আগে এরা থাকবে। আর পথরবাজি চলবে না। ধর্মের নামে গুন্ডামি চলবে না বাংলায়।'