তোলাবাজির অভিযোগে গ্রেফতার আসানসোল তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়া। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত। তাঁর দাবি, রাজন...
তোলাবাজির অভিযোগে গ্রেফতার আসানসোল তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়া। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের 'ঘনিষ্ঠ' বলেও পরিচিত মহলে।
পুলিস সূত্রে খবর, সম্প্রতি আসানসোলের মহিশীলা কলোনি থেকে তোলাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায়, ধৃতরা রাজুর হয়ে তোলাবাজি করত। তোলাবাজির অর্থ সরাসরি রাজুর হাতে তুলে দিত তারা। এরপর সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।
তবে এই তোলাবাজি চক্রের সঙ্গে আরও অনেক মাথা জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এবার রাজুকে হেফাজতে নিয়ে সেই বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন আসানসোল দক্ষিণ থানার পুলিস। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি, দুর্নীতি ইস্যুতে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একাধিকবার এই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন এবার থেকে যেকোন তোলাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।