ফের ইডির ডাক পেলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। প্রাথমিকের পর এবার এসএসসি দুর্নীতি মামলায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে তাঁদের ইডি-দফতরে আসতে বলা হয়েছে বলে জানা গিয়...
ফের ইডির ডাক পেলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। প্রাথমিকের পর এবার এসএসসি দুর্নীতি মামলায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে তাঁদের ইডি-দফতরে আসতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
২০২২ সালের জুলাই মাসে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালায় ইডি। সেই থেকে তিনি জেলে। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। যদিও তার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছিলেন।
তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।