এবার যাত্রা পথ আরও কিছুটা সহজ ও নির্ঝঞ্জাট করতে তৎপর হল ভারতীয় রেল। সোমবার থেকে বাড়ল শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–ক্যানিং ও শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে একাধিক ট্রেনের যাত্রাপথ। ২৩ মার্চ থেকে আগামী ২৩ মে ২০২...
এবার যাত্রা পথ আরও কিছুটা সহজ ও নির্ঝঞ্জাট করতে তৎপর হল ভারতীয় রেল। সোমবার থেকে বাড়ল শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–ক্যানিং ও শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে একাধিক ট্রেনের যাত্রাপথ। ২৩ মার্চ থেকে আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত সুবিধা পাবেন যাত্রীরা। ফলে স্বাভাবিকভাবেই দিনের ব্যস্ত সময়ে উপকৃত হবেন যাত্রীরা।
জানা যাচ্ছে, আজ থেকে আগামী ২ মাস পর্যন্ত ৩৩৬১৭ শিয়ালদহ–দত্তপুকুর লোকালও যাবে বনগাঁ পর্যন্ত। সকাল ১১টা ৪৪-এ বনগাঁ পৌঁছবে। পরে ওই ট্রেনটি আবার ৩৩৬২২ নম্বর হয়ে সরাসরি বনগাঁ থেকে শিয়ালদহ আসবে। যা বনগাঁ স্টেশন থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে।
একইভাবে দীর্ঘ হয়েছে রাতের ৩৩৬৮৫ রাতের শিয়ালদহ–গোবরডাঙা লোকাল। ট্রেনটি সন্ধ্যা ৮টা ২৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১০টা ৩১ মিনিট নাগাদ পৌঁছাবে। একইভাবে সন্ধ্যার ৩৩২৭১ দমদম–গোবরডাঙা লোকালও ৭টা ২৫ মিনিটে দমদম ছেড়ে বেরিয়ে রাত ৯টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছাবে। পাশাপাশি ডায়মন্ড হারবারের যাত্রীদের জন্য ট্রেন নম্বর ৩৪৮৯৮ শিয়ালদহ-মগরাহাটের রুট বাড়িয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত করা হয়েছে। যেটি রাত ৮টা ৩৮-এ পৌঁছবে। ফলে আক্ষরিক অর্থে ব্যস্ত সময়ে কিছুটা ঝক্কি কমবে যাত্রীদের। বাঁচবে বাড়ি পৌঁছানোর সময়ও।